বিনিয়োগ বৃদ্ধির প্রভাবে কারখানা বেড়েছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে। জ্বালানি তেলের ওপর নির্ভরশীলতা কমাতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই), পরিষেবা ও পর্যটন শিল্পে বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা নেয়া হয়েছিল। নেয়া হয়েছে সরকারি ও বেসরকারি নানা উদ্যোগ। এসব কার্যক্রমের ইতিবাচক প্রভাব পড়েছে দেশটির অর্থনীতিতে। খবর আরব নিউজ।

শিল্প ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পরিসংখ্যান জানাচ্ছে, চলতি বছরের প্রথম প্রান্তিকে রাসায়নিক পণ্য উৎপাদন খাতে বিনিয়োগ বাড়ায় কারখানার সংখ্যা বেড়েছে ২ দশমিক ৮৬ শতাংশ। ২০২২ সালের শেষ নাগাদ দেশটিতে কারখানার সংখ্যা ছিল ১০ হাজার ৫১৮। বিনিয়োগের প্রভাবে মাত্র তিন মাসের ব্যবধানে কারখার সংখ্যা বেড়েছে ৩০১টি। 

বুলেটিনে প্রকাশিত তথ্যমতে, ২০২৩ সালে শিল্প খাতে রাসায়নিক পণ্য উৎপাদন কারখানাগুলোই সবচেয়ে বেশি বিনিয়োগ আকর্ষণ করেছে। তার পরই রয়েছেন অন্যান্য অধাতব খনিজপণ্য ও মৌলিক ধাতব কারখানার উৎপানকারীরা।