সঠিক ওজন ব্যবস্থাপনার দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটি।আজ শনিবার বেলা সাড়ে ১১টায় অ্যাসোসিয়েশনের নিজস্ব কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

২৩ সদস্য বিশিষ্ট বাংলা হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন কমিটি আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এর সাধারণ সম্পাদক ও পৌরমেয়র জামিল হোসেন চলন্ত। তিনি বলেন, দেশের অন্যান্য সব স্থলবন্দরের মতো হিলিতেও ব্যবসা বাণিজ্য তরান্বিত করতে ওজন স্টেশনে সঠিক ওজন পাওয়ার ব্যবস্থা গ্রহণ করা হবে। বন্দরের অভ্যন্তরে আমদানিকৃত মালামাল চুরি রোধে আলোচনা করে সিদ্ধান্ত এবং ভারতীয় খালি ট্রাক রাখার স্থান নির্ধারণসহ বিভিন্ন সমস্যা সমাধান করা হবে। এছাড়া কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে এসব বিষয়ে সিদ্ধান্ত ও পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে বন্দর দিয়ে আমদানি-রফতানি বৃদ্ধিসহ রাজস্ব আহরণ বাড়াতে দিনাজপুরের বাংলা হিলি স্থলবন্দর ও কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টদের সমস্যা দূরীকরণেরও দাবি করা হয়।

হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুর রহমান লিটনের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সহসভাপতি আব্দুল আজিজ, শাহিনুর রেজা, যুগ্মসাধারণ সম্পাদক হানিফ লস্কর, জাবেদ হোসেন রাসেল, সুশান্ত কুমার দাস, বন্দর বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম সুইটসহ আরও অনেকে।