রাজধানীর ব্র্যাক ইউনিভার্সিটিতে গতকাল দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করা হয়। এতে ব্যাংকটির উইমেন ব্যাংকিং সেগমেন্ট ‘তারা’র ফ্ল্যাগশিপ প্রোগ্রাম ‘উদ্যোক্তা ১০১’-এর উদ্যোক্তা উন্নয়ন যাত্রা তুলে ধরা হয়। এ সময় উদ্যোক্তা ও শিক্ষাবিদরা এ উদ্যোগের প্রভাব নিয়ে আলোচনা করেন এবং নারী উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধিতে একটি ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তৈরি করেন।

ব্র্যাক ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ সম্মেলনে ইমপ্যাক্ট রিভিউ সেশন, নেটওয়ার্কিং, প্যানেল ডিসকাশন এবং নারী উদ্যোক্তা উন্নয়ন ও ভবিষ্যৎ স্কেল-আপ পরিকল্পনা নিয়ে কৌশলগত মতবিনিময় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল প্রোগ্রামের ফলাফল উপস্থাপন, যেখানে অংশগ্রহণকারীদের ব্যবসার আনুষ্ঠানিকীকরণ, আর্থিক শৃঙ্খলা, বাজার সম্প্রসারণ এবং ডিজিটাল প্লাটফর্ম ব্যবহারের অগ্রগতি তুলে ধরা হয়।

সম্মেলনে বক্তব্য রাখেন ব্র্যাক ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. আরশাদ মাহমুদ চৌধুরী, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপারসন অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন ও উপাচার্য অধ্যাপক ড. শামস রহমান; ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এমআর কবির এবং চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এমএম নুরুল আবসার।

অন্যদিকে নারী উদ্যোক্তাদের অভিনন্দন জানিয়ে বক্তব্য দেন ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রেফাত উল্লাহ খান। তিনি বলেন, ‘অর্থনীতিতে নারীদের অংশ্রগ্রহণ বাড়ানোর ব্যাপারে আমাদের ব্যাংকের প্রতিশ্রুতির প্রতিফলন হলো এ প্রোগ্রামটি। উদ্যোক্তা ১০১ হলো শিক্ষাপ্রতিষ্ঠান ও ব্যবসা খাতের অংশীদারত্বের একটি আদর্শ উদাহরণ। আমরা এ প্রোগ্রামটির উন্নয়নে আরো কাজ করব, যাতে সারা দেশে তৃণমূল পর্যায়ের উদ্যোক্তাদের কাছেও এর সুবিধা পৌঁছে দেয়া যায়।’

উল্লেখ্য, সম্মেলনে এ উদ্যোগের সঙ্গে যুক্ত পার্টনার বিশ্ববিদ্যালয় এবং সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে সম্মাননা স্মারক দেয়া হয়।