রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ সঞ্চালন প্রতিষ্ঠান পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের (পিজিসিবি) গত সপ্তাহের চার কার্যদিবসে শেয়ারদর কমেছে ৯ দশমিক শূন্য ২ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ৩ কোটি ২৮ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে যা ছিল ৮২ লাখ ১০ হাজার টাকা। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে। 

বাজার পর্যালোচনায় দেখা যায়, গত ২২ ফেব্রুয়ারি কোম্পানিটির শেয়ারদর দাঁড়ায় ৫২ টাকা ১০ পয়সা, এরপর গত ২৫ ফেব্রুয়ারি তা কমে দাঁড়ায় ৪৮ টাকা ৫০ পয়সা। সর্বশেষ বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ৪৭ টাকা ৪০ পয়সায়। গত এক বছরে শেয়ারটির দর ৪১ টাকা ৫০ পয়সা থেকে ৫৪ টাকা ৭০ পয়সার মধ্যে ওঠানামা করে।

পিজিসিবির সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও চলতি ২০২৩-২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায়, গত ৩০ জুন শেষে কোম্পানিটির দীর্ঘমেয়াদি বিদেশী ঋণ দাঁড়িয়েছে ৩৩ হাজার ২৭৩ কোটি ২৪ লাখ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ২৫ হাজার ২৮৭ কোটি ৪ লাখ টাকা। গত ৩০ সেপ্টেম্বর শেষে পিজিসিবির দীর্ঘমেয়াদি বিদেশী ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৩৪ হাজার ৯০৯ কোটি ৫৬ লাখ টাকায়। টাকার অবমূল্যায়নের কারণে ২০২২-২৩ হিসাব বছরে কোম্পানিটির ১ হাজার ২৭৪ কোটি ৬৫ লাখ টাকা লোকসান হয়েছে।