চলতি বছরের প্রথম আট মাসে শ্রীলংকার চা রফতানি ব্যাপক কমেছে। দেশটিতে চলমান অর্থনৈতিক বিপর্যয় ও রিজার্ভ সংকট পানীয় পণ্যটির রফতানিকে খাদের কিনারে নিয়ে গিয়েছে। খবর ইকোনমি নেক্সট।
কলম্বোভিত্তিক ব্রোকারদের দেয়া তথ্যমতে, জানুয়ারি-আগস্ট পর্যন্ত শ্রীলংকার চা রফতানি ৮ দশমিক ৮ শতাংশ কমেছে। রফতানির পরিমাণ দাঁড়িয়েছে ১৭ কোটি ১০ লাখ ৬০ হাজার কেজিতে।
গোতাবায়া রাজাপাকসে সরকারের সময় শ্রীলংকায় সার আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। উদ্দেশ্য বৈদেশিক মুদ্রায় ব্যয় সংকোচন ও অর্গানিক উপায়ে কৃষিপণ্য উৎপাদন করা। কিন্তু এ সিদ্ধান্ত দেশটির চা শিল্পের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
এদিকে চা রফতানি কমলেও সম্প্রতি পানীয় পণ্যটি থেকে দেশটির আয় আবারো বাড়তে শুরু করেছে। বিশেষ করে আগস্টে শ্রীলংকা প্রতি কেজি চা ১ হাজার ৯৫১ দশমিক ৮২ রুপিতে রফতানি করেছে, জুলাইয়ে যা ছিল ১ হাজার ৮৬৩ দশমিক ৭৪ রুপি। বছরের শুরু থেকে এখন পর্যন্ত দেশটির শীর্ষ চা ক্রেতা দেশ ছিল ইরাক, তুরস্ক ও রাশিয়া।










