২০২২-২৩ অর্থবছরে ভারতের চা রফতানি ৮৮ কোটি ৩০ লাখ ডলারের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যেতে পারে। ইরান ও সৌদি আরবে ভারতীয় অর্থোডক্স চায়ের চাহিদা বাড়ায় এ পূর্বাভাস দিয়েছে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়। খবর ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস।
শ্রীলংকায় চায়ের উৎপাদন কমায় ভারতের রফতানি বাড়ার পূর্বাভাস মিলেছে। দেশটিতে চলতি বছরের প্রথমার্ধে গত বছরের একই সময়ের তুলনায় উৎপাদন তিন কোটি কেজি কমেছে।
শ্রীলংকার চা বোর্ডের তথ্য তুলে ধরে টি অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার (টিআইএ) সেক্রেটারি জেনারেল পিকে ভট্টাচার্য বলেন, অর্থোডক্স চায়ের প্রধান উৎপাদনকারী দেশ শ্রীলংকা। আগের বছরে জানুয়ারি থেকে জুনের মধ্যে সেখানে ১৬ কোটি ১৭ লাখ ১০ হাজার কেজি চা উৎপাদন হয়েছিল, যেখানে চলতি বছরে হয়েছে ১৩ কোটি ২৯ লাখ ২০ হাজার কেজি। শ্রীলংকার চা উৎপাদনের এ ঘাটতিই মূলত ভারতকে ইরান ও সৌদি আরবের বাজার পেতে সহায়তা করেছে। চলতি অর্থবছর শেষে ওই অঞ্চলে অর্থোডক্স চায়ের রফতানি ৫ কোটি ৫০ লাখ কেজি ছাড়িয়ে যাওয়ার প্রত্যাশা রয়েছে। সর্বশেষ অর্থবছরে দেশ দুটিতে ৫ কোটি ২৬ লাখ কেজি চা রফতানি করেছে ভারত।










