করোনা মহামারীর প্রভাব কাটিয়ে উঠতে পারছে না জার্মানির অপরিশোধিত জ্বালানি তেল আমদানি খাত। লকডাউনসহ নানা প্রতিবন্ধকতার কারণে বছরের প্রথম সাত মাসে দেশটির আমদানি ৭ দশমিক ৯ শতাংশ কমেছে। কিন্তু পণ্যটির দাম বাড়তে থাকায় আমদানি বিল বেড়েছে প্রায় এক-তৃতীয়াংশ। জার্মানির ফেডারেল অফিস ফর ইকোনমিক অ্যাফেয়ার্স অ্যান্ড এক্সপোর্ট কন্ট্রোল (বাফা) এ তথ্য জানিয়েছে।

সংস্থাটির দেয়া পরিসংখ্যান বলছে, জানুয়ারি-জুন পর্যন্ত জার্মানি ৪ কোটি ৪৯ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করে। গত বছরের একই সময় আমদানি করা হয় ৪ কোটি ৮৭ লাখ টন।

জার্মানি সবচেয়ে বেশি আমদানি করেছে রাশিয়া থেকে। মোট আমদানির ৩৩ দশমিক ৬ শতাংশই দেশটি সরবরাহ করেছে। ব্রিটেন ও নরওয়েজিয়ান নর্থ সি থেকে আমদানি করা হয় ১৯ দশমিক ১ শতাংশ। আমদানিতে ওপেকভুক্ত দেশগুলো ১৬ শতাংশ অবদান রেখেছে।