এতে সভাপতি পদের প্রার্থী ও সংগঠনের সাবেক সভাপতি আমজাদ হোসেন চৌধুরীর মনোনয়নপত্র ঋণখেলাপির অভিযোগে বাতিল হয়ে যায়। ফলে অপর প্রার্থী পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন।

বন্দরনগরীর র‍্যাডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ হোটেলে গতকাল সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ সময় মোট ৮৪ জন ভোটারের মধ্যে ৭১ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে ১১টি পদের বিপরীতে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোট গণনা শেষে বেলা ২টার দিকে নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান মো. আফতাব উদ্দিন ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে জ্যেষ্ঠ সহসভাপতি পদে মোহাম্মদ সেলিম উদ্দিন এবং সহসভাপতি পদে মো. নুরুদ্দিন রুবেল ও গাজী মোকাররম আলী চৌধুরী নির্বাচিত হয়েছেন। এছাড়া নির্বাহী সদস্য হয়েছেন মো. জাহেদুল হক, মো. তসলিম উদ্দিন, এসএম নুরুন নবী, মো. ফেরদৌস ওয়াহিদ, ওবায়দা আসাদি, হোসাইনুল আরেফিন এবং একেএম সাইফুল্লা সাঈদ।

উল্লেখ্য, ২০২৫ সালের ২৫ অক্টোবর বিএসবিআরএর দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে তৎকালীন নির্বাচন পরিচালনা বোর্ড সেপ্টেম্বরে পদত্যাগ করায় নির্বাচন স্থগিত হয়ে যায়। পরে চলতি বছরের ফেব্রুয়ারিতে বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) সচিব আবু সাফায়াৎ মুহম্মদ শাহে দুল ইসলামকে সংগঠনটির প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়। দায়িত্ব গ্রহণের পর তিনি নির্বাচন পরিচালনা বোর্ড ও নির্বাচন আপিল বোর্ড গঠন করেন। পরে নতুন তফসিল ঘোষণা করা হয়।