সপ্তাহব্যাপী বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির বাধা কাটিয়ে আবারো স্বাভাবিক হতে শুরু করেছে লিবিয়ার অপরিশোধিত জ্বালানি তেল রফতানি। রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল কোম্পানি ন্যাশনাল অয়েল করপোরেশন (এনওসি) এ তথ্য জানিয়েছে। খবর অয়েলপ্রাইসডটকম।
জানা যায়, গত সপ্তাহে ভিন্ন ভিন্ন বিক্ষোভ কর্মসূচির কারণে লিবিয়ার প্রধান দুটি জ্বালানি তেল বন্দর এস সিডার ও রাস লানুফে বাধার মুখে পড়ে অপরিশোধিত জ্বালানি তেল রফতানি। এ সময় কার্গোয় জ্বালানি পণ্য বোঝাই করতে হিমশিম খাচ্ছিলেন সংশ্লিষ্টরা। অন্যদিকে গত সপ্তাহজুড়ে হারিগা বন্দরেও বিক্ষোভের মুখে পণ্যবোঝাই ও রফতানি কার্যক্রম ব্যাহত হয়।
গত সপ্তাহের মাঝামাঝিতে ব্লুমবার্গকে স্থানীয় একটি সূত্র জানায়, এনওসির চেয়ারম্যান মুস্তাফা সানাল্লার পদত্যাগের দাবিতে এস সিডার টার্মিনালে অবস্থান নেন বিক্ষোভকারীরা। বিক্ষোভকালে তারা ওই টার্মিনালের সুয়েজম্যাক্স ও ইয়ানিস পি ট্যাংকারে জ্বালানি তেল বোঝাই বন্ধ করে দেন।
এদিকে লিবিয়ার রফতানি কার্গোর তথ্য সরবরাহকারী একটি সূত্রের বরাত দিয়ে আরগাস মিডিয়া জানায়, পশ্চিম লিবিয়ার তবরুক বন্দরে আরো একটি বিক্ষোভ অনুষ্ঠিত হয়। কর্মসংস্থানের দাবিতে দেশটির স্নাতকরা এ বিক্ষোভে অংশ নেন। তবে চলতি সপ্তাহে হারিগা বন্দরে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির অবসান ঘটেছে বলে জানায় এনওসি। এ বন্দর দিয়ে আবারো রফতানি কার্যক্রম চালু হয়েছে বলেও নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি। অন্যদিকে এস সিডার ও রাস লানুফ জ্বালানি তেল বন্দরেও বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে বলে ঘোষণা দেয় এনওসি।










