বিশ্বের শীর্ষ চাল রফতানিকারক দেশ ভারতে চলতি সপ্তাহে শস্যটির দাম বেড়ে এক বছরের সর্বোচ্চে উঠেছে। বিভিন্ন জাতের চাল রফতানি বন্ধ হয়ে যাওয়ার উদ্বেগের মধ্যেই চালের চাহিদা জোরদার হয়েছে। এ কারণেই পণ্যটির বাজার ঊর্ধ্বমুখী। খবর বিজনেস রেকর্ডার।

তথ্য বলছে, চলতি সপ্তাহে ভারতের ৫ শতাংশ ভাঙা সেদ্ধ চাল রফতানি হচ্ছে টনপ্রতি ৩৭৯-৩৮৭ ডলার মূল্যে, যা ২০২১ সালের জুনের পর সর্বোচ্চ। গত সপ্তাহে একই জাতের চালের দাম ছিল টনপ্রতি ৩৬৬-৩৭২ ডলার। এ নিয়ে টানা তৃতীয় সপ্তাহের মতো দাম বেড়েছে।

ভারতের সবচেয়ে বড় রফতানিকারক প্রতিষ্ঠান সত্যম বালাজির নির্বাহী পরিচালক হিমাংশু আগারওয়াল বলেন, বাংলাদেশের দরপত্রের কারণে ভারতীয় সেদ্ধ চালের দাম বেড়েছে। ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ায় ভারতের কাছ থেকে বাংলাদেশ বিপুল পরিমাণ চাল আমদানি করবে।

ভারতের সরকার ও শিল্পসংশ্লিষ্টরা বলছেন, শতভাগ ভাঙা চাল রফতানিতে বিধিনিষেধ আরোপের চিন্তাভাবনা করছে ভারত। মূলত অপর্যাপ্ত বৃষ্টিপাতের কারণে ধানের ফলন ক্ষতিগ্রস্ত হওয়ায় এমন সিদ্ধান্তের পথে হাঁটছে দেশটি। এদিকে পর্যাপ্ত সরবরাহের প্রভাবে সাদা চালের বাজার স্থিতিশীল।

অন্ধ্রপ্রদেশের কাঁকিনাড়াভিত্তিক রফতানিকারকরা জানান, বাংলাদেশ এরই মধ্যে ভারত ও ভিয়েতনামের সঙ্গে ৩ লাখ ৩০ হাজার টন চাল আমদানির চুক্তি সম্পন্ন করেছে। উদ্দেশ্য চালের মজুদ পরিপূর্ণ করা স্থানীয় বাজার নিয়ন্ত্রণে রাখা। বর্তমানে থাইল্যান্ডের ৫ শতাংশ ভাঙা চালের দাম কিছুটা কমে টনপ্রতি ৪১৫-৪১৬ ডলারে রফতানি হচ্ছে।