থাইল্যান্ডে দক্ষিণ কোরীয় পর্যটক আগমন বাড়ছে। চলতি বছরের তৃতীয় প্রান্তিকে দেশটিতে কোরীয় পর্যটক আগমন ১০ লাখ ছাড়াতে পারে। ব্যাংকক পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ট্যুরিজম অথরিটি অব থাইল্যান্ডের (টিএটি) শীর্ষ কর্মকর্তা টানেস পেটসুয়ান বলেন, ‘‌থাইল্যান্ডে কোরীয় পর্যটক আগমনের বিষয়টি বেশ ইতিবাচক। গত দুই মাসে প্রতিদিন চার-পাঁচ হাজার কোরীয় পর্যটক আগমন হচ্ছে। এতে থাইল্যান্ডে পর্যটক আগমনে শীর্ষ পাঁচ দেশের তালিকায় জায়গা করে নিল দক্ষিণ কোরিয়া। থাইল্যান্ড ও দক্ষিণ কোরিয়ার মধ্যে ৮৫ শতাংশ ফ্লাইট সচল হয়েছে। ব্যাংকক ও চিয়াং মাইয়ের সঙ্গে সিউল ও বুসানের সরাসরি ফ্লাইট চালু হচ্ছে। সামনের শীতের মৌসুমে চাহিদা বাড়লে চার্টার ফ্লাইটের সংখ্যা আরো বাড়ানো হবে।’ ব্যাংকক পোস্ট