রেড সি পোর্টস অথরিটির (আরএসপিএ) সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি (এডি) পোর্টস গ্রুপের ১৫ বছরের কনসেশন চুক্তি হয়েছে। এর লক্ষ্য মিসরের সাফাগা, হুরঘাদা ও শারম আল শেখ বন্দর তিনটির ক্রুজ টার্মিনাল পরিচালনা করা। দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরো জোরদার করতে এ চুক্তি স্বাক্ষর হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। খবর গালফ নিউজ।

এ চুক্তির মাধ্যমে মিসরে ক্রুজ পর্যটন অভিজ্ঞতাকে আরো আকর্ষণীয় করে তোলার জন্য শারম আল শেখ টার্মিনালটি সংস্কার করা হবে। মিসরের নিয়ন্ত্রকদের অনুমোদনের পর চলতি বছরের প্রথম প্রান্তিকে চূড়ান্ত চুক্তিটি স্বাক্ষরিত হবে।

মিসরের পরিবহনমন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল ইঞ্জিনিয়ার কামেল এল ওয়াজির চুক্তি স্বাক্ষরের সময় উপস্থিত ছিলেন। এছাড়া আরো উপস্থিত ছিলেন রেড সি পোর্টস অথরিটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ আবদেল রহিম ও এডি পোর্টস গ্রুপের আঞ্চলিক প্রধান নির্বাহী কর্মকর্তা আহমেদ আল মুতাওয়া।

এডি পোর্টস গ্রুপ তিনটি ক্রুজ টার্মিনাল পরিচালনা ও ব্যবস্থাপনার জন্য ৩০ লাখ ডলার বিনিয়োগ করবে। যার মধ্যে লক্ষ্য হিসেবে রয়েছে বন্দর তিনটির সেবা উন্নত করা, ক্রুজ অপারেটরদের কর্মপরিধি বাড়ানো ও রেড সি পোর্টসে নতুন পর্যটন ব্যবস্থা তৈরি করা। এ চুক্তির মাধ্যমে লোহিত সাগরে এডি পোর্টস গ্রুপের ক্রুজ ব্যবসা আরো শক্তিশালী হবে। পাশাপাশি ক্রুজ যাত্রীদের সংখ্যার সঙ্গে ক্রুজ ব্যবসা আরো উন্নত হবে।

এডি পোর্টস গ্রুপের আঞ্চলিক প্রধান নির্বাহী কর্মকর্তা আহমেদ আল মুতাওয়া লোহিত সাগরে পর্যটন বৃদ্ধি ও দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদারের অঙ্গীকারের ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি মিসরের বন্দরগুলোতে বিশ্বমানের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে তাদের বিনিয়োগের কথা তুলে ধরেন। যা মিসরের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখবে।

এ চুক্তির মাধ্যমে এডি পোর্টস গ্রুপ তিন বছরেরও বেশি সময় নিয়ে লোহিত সাগরের একটি আধুনিক ও আন্তর্জাতিক মানের বন্দর ব্যবস্থা গড়ে তুলবে। এছাড়া এডি পোর্টস গ্রুপ বৈশ্বিক ক্রুজ ব্যবসা সম্প্রসারণের অংশ হিসেবে সম্প্রতি জর্ডানে আকাবা ক্রুজ টার্মিনাল উদ্বোধন করেছে।

প্রসঙ্গত, মহামারী-পরবর্তী সময়ে ক্রুজ শিল্পের পুনরুদ্ধার ঘটছে। এডি পোর্টস গ্রুপের প্রধান নির্বাহী (পোর্টস) সাইফ আল মাজরুয়েই এর আগে জানান, ক্রমবর্ধমান পর্যটক সংখ্যাই প্রমাণ করে জলপথে পর্যটনের ক্ষেত্রে আবুধাবি গুরুত্বপূর্ণ গন্তব্য হয়ে উঠছে।