চীনা ইলেকট্রিক গাড়ি নির্মাতা স্টার্টআপ কোম্পানি এক্সপাং তাদের নতুন মডেল জি সিক্স স্পোর্টস ইউটিলিটি ভেহিকলের (এসিউভি) উৎপাদন বাড়াবে। চীনা কোম্পানিটি অভ্যন্তরীণ বাজারের অন্যান্য প্রিমিয়াম ইলেকট্রিক গাড়ি নির্মাতাদের সঙ্গে প্রতিযোগিতা করছে। প্রতি মাসে ১০ হাজারের বেশি ইউনিট বিক্রির লক্ষ্যে জি সিক্স মডেলের এসইউভির উৎপাদন বাড়ানোর পরিকল্পনা হাতে নিয়েছে। চাহিদা প্রত্যাশা ছাড়িয়ে যাওয়ায় কোম্পানির লক্ষ্য গ্রাহকের অপেক্ষা কমানো। প্রি-সেল শুরু হওয়ার পর এক্সপাং ৩৫ হাজার এসইউভির অর্ডার পেয়েছে। আশা করছে এ মাসের শেষ নাগাদ গাড়িগুলো সরবরাহ শুরু করতে পারবে। বর্তমান জি সিক্স মডেলটির জন্য প্রি-অর্ডারের ক্ষেত্রে ১০ সপ্তাহের মতো অপেক্ষা করতে হয়। কোম্পানিটি টেসলার মডেল ওয়াই গাড়িটির চেয়ে জি সিক্সের দাম ২০ শতাংশ কম নির্ধারণ করেছে। চীনের বাজারে এক্সপাং, লি অটো এবং নিওসহ শীর্ষ ইলেকট্রিক গাড়ি নির্মাতা কোম্পানিগুলো টেসলার প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত। এক্সপাং জি সিক্স একবার চার্জে ৫৮০ কিলোমিটার যেতে সক্ষম, যেখানে টেসলার মডেল ওয়াইয়ের সীমা ৫৪৫ কিলোমিটার। রয়টার্স