মালয়েশিয়ায় পাম অয়েলের মজুদ বেড়েছে। আগস্টে পণ্যটির মজুদ এক বছরের সর্বোচ্চে পৌঁছায়। উৎপাদন বৃদ্ধি ও রফতানিতে মন্দা মজুদ বাড়াতে সহায়তা করেছে। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আগস্টে মালয়েশিয়ার পাম অয়েলের মজুদ এর আগের মাসের তুলনায় ১৬ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পায়। মজুদের পরিমাণ দাঁড়ায় ১৭ লাখ ৪০ হাজার টনে। গত বছরের জুনের পর এটিই সর্বোচ্চ মজুদ।

মালয়েশিয়া পাম অয়েল উৎপাদনে বিশ্বের দ্বিতীয় শীর্ষ দেশ। গত মাসে দেশটির উৎপাদন ১১ দশমিক ২ শতাংশ বেড়ে ১৭ লাখ টনে উন্নীত হয়। এটি গত ১০ মাসের সর্বোচ্চ উৎপাদন।

সিঙ্গাপুরভিত্তিক পাম অয়েলের বাজার বিশ্লেষক সাথিয়া ভারকা বলেন, সাম্প্রতিক মাসগুলোতে আবহাওয়া অনুকূলে থাকায় চলতি এবং আগামী মাসেও পাম অয়েল উৎপাদন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

এদিকে উৎপাদন বাড়লেও রফতানি টানা দুই মাসের মতো কমে গেছে। আগস্টে মালয়েশিয়া ১২ লাখ ৪০ হাজার টন পাম অয়েল রফতানি করে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১২ দশমিক ৩ শতাংশ কম।

কোয়ান্টাস অয়েলের মহাব্যবস্থাপক লি টং হোয়াং বলেন, প্রধান প্রতিযোগী দেশ ইন্দোনেশিয়া পাম অয়েলের রফতানি শুল্ক হ্রাস করেছে। ফলে পণ্যটির নিম্নমুখী দাম ক্রেতাদের আকৃষ্ট করছে। তবে সেপ্টেম্বরের মধ্যেই এ অবস্থার পরিবর্তন হবে।