২০২৬-২৭ মেয়াদের এ কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন সাব্বীর আহমেদ। এছাড়া সহসভাপতি নির্বাচিত হয়েছেন চারজন। তারা হলেন নিয়াজ মোহাম্মদ, আলা উদ্দিন, আসিফুর রহমান ও মোহাম্মদ রেদওয়ানুর রহমান। আইসিএবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

আইসিএবি জানিয়েছে, নবনির্বাচিত সভাপতি সাব্বীর আহমেদ দেশের অন্যতম চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সি ফার্ম হুদা ভাসি চৌধুরী অ্যান্ড কোং-এর অংশীদার, যা আগে এএফ ফার্গুসন অ্যান্ড কোং নামে পরিচিত ছিল। তিনি বিশ্বের সবচেয়ে বৃহত্তম চারটি অ্যাকাউন্টিং প্রতিষ্ঠান ‘বিগ ফোর’-এর একটিতে অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, জার্মানি, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত এবং যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে কাজ করেছেন। সব মিলিয়ে ১২ বছরেরও বেশি আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার অভিজ্ঞতাসহ তার তিন দশকের পেশাগত অভিজ্ঞতা রয়েছে।

এছাড়া নবনির্বাচিত সহসভাপতি নিয়াজ মোহাম্মদ গ্র্যান্ট থর্নটন ইন্টারন্যাশনালের সদস্য ফার্ম হাওলাদার ইউনুস অ্যান্ড কোং-এর জ্যেষ্ঠ অংশীদার। ২৫ বছরের বেশি সময় ধরে তিনি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বেসরকারি খাত, উন্নয়ন সংস্থা এবং বেসরকারি প্রতিষ্ঠানে অডিট, অ্যাসুরেন্স এবং বিজনেস অ্যাডভাইজরি সেবা দিয়ে আসছেন।

অপর সহসভাপতি আলা উদ্দিন বর্তমানে মেটলাইফ বাংলাদেশের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) হিসেবে কর্মরত আছেন। রবি আজিয়াটা লিমিটেড, নোভার্টিস বাংলাদেশ লিমিটেড, গ্রামীণফোন এবং ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের শীর্ষ পদে আর্থিক ব্যবস্থাপনায় তার ২২ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে।

আরেক সহসভাপতি আসিফুর রহমান বর্তমানে হোসেন ফরহাদ অ্যান্ড কোং, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসের অংশীদার হিসেবে কর্মরত আছেন। তিনি অডিট, অ্যাসুরেন্স, রিস্ক ম্যানেজমেন্ট, কমপ্লায়েন্স রিভিউ এবং ইন্টারনাল কন্ট্রোল বিষয়ে বিশেষজ্ঞ। মেটলাইফ বাংলাদেশের ফাইন্যান্স কন্ট্রোলারসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ পদে তার ২৫ বছরেরও বেশি কাজের অভিজ্ঞতা রয়েছে।

অপর সহসভাপতি মোহাম্মদ রেদওয়ানুর রহমান বর্তমানে রেদওয়ান রহমান অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসের জ্যেষ্ঠ অংশীদার হিসেবে কর্মরত আছেন। এর আগে তিনি মেটলাইফ বাংলাদেশ, লংকাবাংলা ইনভেস্টমেন্টস লিমিটেড, ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড এবং কেপিএমজি বাংলাদেশের শীর্ষ পদে দায়িত্ব পালন করেছেন।