বিশ্বের শীর্ষ পাম অয়েল উৎপাদক ও রফতানিকারক দেশ ইন্দোনেশিয়া। অপরিশোধিত অবস্থায় এ ভোজ্যতেল রফতানি বন্ধের পরিকল্পনা হাতে নিয়েছে দেশটি। ইন্দোনেশিয়ান প্রেসিডেন্ট জোকো উইদোদো এ পরিকল্পনার কথা জানিয়েছেন। খবর রয়টার্স ও সিনহুয়া।
পাম অয়েল ও খনিজসম্পদসমৃদ্ধ দেশটি প্রক্রিয়াজাত শিল্পের উন্নয়নে মনোযোগ বাড়াচ্ছে। উন্নয়নের এ ধারাকে উৎসাহিত করতে কাঁচামাল রফতানিতে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।
সরকারি একটি চ্যানেলে আপলোড করা ভিডিও বার্তায় জোকো উইদোদো বলেন, কোনো এক সময় আমাদের অবশ্যই অপরিশোধিত পাম অয়েল রফতানি বন্ধ করতে হবে। পণ্যটি রফতানি করতে হবে প্রসাধনী, মাখন, বায়োডিজেলসহ অন্যান্য প্রক্রিয়াকরণের মাধ্যমে।
প্রেসিডেন্ট আরো বলেন, অপরিশোধিত পাম অয়েল রফতানি বন্ধ করলে বিশ্ব বাণিজ্য সংস্থাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের মামলার ঝুঁকি রয়েছে। এর পরও আমাদের এ পরিকল্পনা বাস্তবায়নে এগিয়ে যেতে হবে। অপরিশোধিত পাম অয়েলের পাশাপাশি অপরিশোধিত বক্সাইট রফতানিও বন্ধের পরিকল্পনা রয়েছে ইন্দোনেশিয়ার। এর আগে গত বছরের জানুয়ারিতে ইন্দোনেশিয়া আনুষ্ঠানিকভাবে নিকেল ও তামা রফতানি নিষিদ্ধ ঘোষণা করে।
ইন্দোনেশিয়ান পাম অয়েল প্রডিউসারস অ্যাসোসিয়েশন জানায়, গত বছর দেশটি ৩ কোটি ৪০ লাখ টন অপরিশোধিত পাম অয়েল রফতানি করে। চলতি বছরের জানুয়ারি-মে পর্যন্ত রফতানি করা হয় ১ কোটি ৩৭ লাখ ৫০ হাজার টন।










