নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) উপসাগরীয় অঞ্চলে অভিবাসী শ্রমিকদের সুরক্ষা ও শ্রম অধিকার নিয়ে একটি বিশেষ ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের উদ্যোগে অনলাইনে এ সেমিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানের মূল বিষয় ছিল শ্রম অধিকার থেকে করপোরেট ঝুঁকি এবং অভিবাসী শ্রমিকদের সুরক্ষার বিভিন্ন দিক।
ওয়েবিনারে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্যারিস স্কুল অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের আন্তর্জাতিক আইনের অধ্যাপক রোজম্যারি অ্যান বায়ার্ন। আন্তর্জাতিক অভিবাসী অধিকারের বিভিন্ন আইনি দিক নিয়ে আলোচনা করেন তিনি। বিশেষ করে বিশ্বজুড়ে অস্থায়ী শ্রম ও দ্বিপক্ষীয় চুক্তির ওপর ক্রমবর্ধমান নির্ভরতার বিষয়টি তিনি তুলে ধরেন।
অধ্যাপক বায়ার্ন জানান, উপসাগরীয় অঞ্চলের কাফালা বা স্পনসরশিপ ব্যবস্থা এখন উন্নত দেশগুলোর অভিবাসন নীতিকেও প্রভাবিত করছে। তিনি মনে করেন, বর্তমানের দ্বিপক্ষীয় চুক্তিগুলো মানবাধিকারের চেয়ে শ্রম ব্যবস্থাপনাকে বেশি গুরুত্ব দিচ্ছে। এর ফলে শ্রমিকরা তাদের জাতীয়তার কারণে বৈষম্য ও অসমান মজুরির শিকার হচ্ছেন। এটি প্রতিষ্ঠিত মানবাধিকার আইনের সাথে সাংঘর্ষিক হতে পারে বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানের শুরুতে মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রিজওয়ানুল ইসলাম অভিবাসী কর্মীদের পণ্য হিসেবে গণ্য করার প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, অনেক সময় আন্তঃরাষ্ট্রীয় চুক্তির কারণে শ্রমিকদের মৌলিক অধিকারগুলো খর্ব হচ্ছে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. সেলিম রেজা।
প্রশ্নোত্তর পর্বে শিক্ষক ও শিক্ষার্থীরা কাফালা ব্যবস্থার সীমাবদ্ধতা ও অভিবাসী কর্মীদের কল্যাণে করপোরেট প্রতিষ্ঠানের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বক্তারা অভিবাসী শ্রমিকদের সুরক্ষায় প্রচলিত আইনি কাঠামোর বাস্তব ভিত্তি অনুসন্ধানের ওপর গুরুত্বারোপ করেন।
নর্থ সাউথ ইউনিভার্সিটির এ বিশেষ ওয়েবিনার সিরিজটি নিয়মিত আয়োজনের অংশ হিসেবে অনুষ্ঠিত হয়।
—বিজ্ঞপ্তি










