প্রকৌশল খাতে তালিকাভুক্ত বাংলাদেশ ল্যাম্পস (বিডি ল্যাম্পস) পিএলসির সার্ভিল্যান্স রেটিং দীর্ঘমেয়াদে ‘‌এএ মাইনাস’ ও স্বল্পমেয়াদে ‘‌এসটি-২’। সমাপ্ত ২০২০-২১ থেকে ২০২৪-২৫ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য পরিমাণগত ও গুণগত তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে গতকাল এ তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে বিডি ল্যাম্পসের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ১৯ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ৫ টাকা ৫৯ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৮ টাকা ১৭ পয়সায়।

সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে বিডি ল্যাম্পসের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৬ টাকা ২২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১২ টাকা ৭৬ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩৯ টাকা ৯৩ পয়সায়।