এ উপলক্ষে ঢাকার সাভারে ড্যাফোডিল স্মার্ট সিটির স্থায়ী ক্যাম্পাসের কবি নজরুল এডুপ্লেক্সে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, লেখক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. হামিদুল হক খান। ডিআইইউ প্রেসের এডিটোরিয়াল বোর্ডের কনভেনর অধ্যাপক এএমএম হামিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে ড্যাফোডিল ইউনিভার্সিটি প্রেসের সংশ্লিষ্ট ব্যক্তিরা, বিভিন্ন বিভাগের শিক্ষক, বইগুলোর লেখক এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবাল বলেন, ‘একটি বিশ্ববিদ্যালয়ের মানদণ্ড ও শ্রেষ্ঠত্ব নির্ধারিত হয় তার গবেষণাপত্র এবং জ্ঞানভিত্তিক প্রকাশনার মাধ্যমে। ডিআইইউ প্রেস মানসম্পন্ন বই প্রকাশের মাধ্যমে পাঠকদের জ্ঞানতৃষ্ণা মেটাতে এবং একটি মেধাবী ও সৃজনশীল সমাজ গঠনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’
এবারের মেলায় প্রকাশিত বইগুলোর মধ্যে রয়েছে প্রযুক্তিবিষয়ক বই সাদমান সাদিক খান, মো. মিজানুর রহমান, মো. সাকিবুর রহমান ও আমিনুল হকের ‘মেশিন লার্নিং থেকে ডিপ লার্নিং: ধারণা, অ্যালগরিদম এবং প্রয়োগ’; অপূর্ব ঘোষের একাডেমিক বই ‘অ্যান ইন্ট্রোডাকশন টু ম্যাট্রিক্স ফর টুমরো মাল্টিমিডিয়া প্রফেশনালস’; মো. নাজমুল হাসানের অনুপ্রেরণামূলক বই ‘আনলকিং লিডারশিপ: দ্য ভলান্টিয়ারিং জার্নি’ এবং আনোয়ার পারভেজের ‘বিজ্ঞানীদের হৃৎপিণ্ড’। সাহিত্যের শাখায় রয়েছে নিবেদিতা চৌধুরীর ইংরেজি কাব্যগ্রন্থ ‘হুইসপারস অব এ সেরেন হার্ট’; আল মুনাফ রাজুর ‘অন্তর আত্মার প্রতিধ্বনি’ এবং তসলিম পাটোয়ারীর কাব্যগ্রন্থ ‘বিলাপ’।
বইগুলো অমর একুশে বইমেলার পাশাপাশি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নিজস্ব কিয়স্ক শপ এবং ই-কমার্স প্লাটফর্ম রকমারি ডটকম, দুর্বারশপ ডটকম ও প্রথমা ডটকমে পাওয়া যাচ্ছে। মেলা চলাকালীন বইগুলো ‘পুস্তক প্রকাশন’ (স্টল নম্বর ৪২২) এবং ‘মাতৃভাষা প্রকাশ’ (স্টল নম্বর ৬০৯-৬১৩) থেকে সংগ্রহ করা যাবে।










