রাশিয়ায় গমের রফতানি মূল্য আরো কমেছে। রফতানিকারকদের কাছে চাহিদা কমে যাওয়ায় পণ্যটির দাম নিম্নমুখী হয়েছে বলে সোমবার জানিয়েছেন বিশ্লেষকরা। এছাড়া বিশ্বব্যাপীও ভোগ্যপণ্যটির দাম কমেছে। খবর বিজনেস রেকর্ডার।
সোভেকন কনসালট্যান্সি জানায়, নিকটতম সময়ে সরবরাহের জন্য ১২ দশমিক ৫ শতাংশ প্রোটিনযুক্ত রুশ গমের দাম ১ ডলার ৫ সেন্ট কমে টনপ্রতি ২১৭-২২০ ডলারে নেমেছে।
অন্যদিকে আইকেএআর কনসালট্যান্সি সেপ্টেম্বরের শেষের দিকে সরবরাহের জন্য গত সপ্তাহের শেষের দিকে ফ্রি-অন-বোর্ডে (এফওবি) একই মানের গমের মূল্য নির্ধারণ করেছে টনপ্রতি ২১৬ ডলার। আগের সপ্তাহের তুলনায় নির্ধারিত এ মূল্য ২ ডলার কম।
বিশ্বের বৃহত্তম গম রফতানিকারক দেশ রাশিয়া। সোভেকনের অনুমান অনুযায়ী, গত সপ্তাহে রাশিয়ার শস্য রফতানির পরিমাণ ছিল ১১ লাখ ৬০ হাজার টন, আগের সপ্তাহে যা ছিল ১৪ লাখ ৫০ হাজার টন। এর মধ্যে গম রফতানির পরিমাণ ছিল ৯ লাখ ৮০ হাজার টন।
কনসালট্যান্সি প্রতিষ্ঠানটির পূর্বাভাস অনুযায়ী, আগস্টে রাশিয়ার গম রফতানির পরিমাণ দাঁড়াতে পারে ৪৮ লাখ টনে, এক বছর আগে যা ছিল ৫৩ লাখ টন। এছাড়া ২০২৪-২৫ মৌসুমে রাশিয়া মোট ৪ কোটি ৮৮ লাখ টন গম রফতানি করতে পারে।










