রাশিয়ান রাষ্ট্রায়ত্ত এনার্জি জায়ান্ট গ্যাজপ্রম ইতালিতে গ্যাস সরবরাহ বাড়িয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে ২২ অক্টোবর পর্যন্ত আগের বছরের একই সময়ের তুলনায় সরবরাহ ১৫ দশমিক ৯ শতাংশ বেড়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।

প্রতিবেদনের তথ্য বলছে, ২০২০ সালে গ্যাজপ্রম ইতালিতে ২ হাজার ৮০ কোটি ঘনফুট প্রাকৃতিক গ্যাস সরবরাহ করে। রাশিয়ার সবচেয়ে বড় গ্যাস রফতানিকারক গ্যাজপ্রম ও ইতালির বহুজাতিক এনার্জি কোম্পানি ইএনআইয়ের মধ্যে সম্পাদিত তিনটি দীর্ঘমেয়াদি চুক্তির মাধ্যমে চলতি বছর এসব গ্যাস সরবরাহ করা হয়।

গ্যাজপ্রমের সিইও অ্যালেক্সি মিলার এবং ইএনআইয়ের সিইও ক্লাউডিও ডেসকালজির মধ্যে সম্প্রতি এক বৈঠক অনুষ্ঠিত হয়। সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের গ্যাস খাতে সহযোগিতা অব্যাহত রাখার ব্যাপারে আলোচনা হয়। পাশাপাশি ইউরোপিয়ান জ্বালানি খাতে কার্বন নিঃসরণ হ্রাসের সম্ভাবনার বিষয়েও কথা বলেন তারা।