রেড সি গ্লোবালের (আরএসজি) পর্যটন উন্নয়নে হোটেলগুলোয় লন্ড্রি পরিষেবা সরবরাহ করতে চুক্তিবদ্ধ হয়েছে সৌদি এয়ারলাইনস ক্যাটারিং কোং (এসএসিসি)। ২৭০ কোটি সৌদি রিয়ালের (৭২ কোটি ডলার) বিনিময়ে এ সেবা দেবে কোম্পানিটি। খবর আরব নিউজ।
চুক্তিটি সৌদি স্টক এক্সচেঞ্জ তাদাউলে ঘোষণা করা হয়েছে। এসএসিসি আশা করে, চুক্তিটি ২০২৫ সালের তৃতীয় ত্রৈমাসিকের মধ্যে লভ্যাংশ অর্জন করতে পারবে। ২০ বছরের চুক্তিতে এসএসিসি রেড সি গ্লোবালের হোটেল, রিসোর্ট ও অন্যান্য স্থানে লন্ড্রি পরিষেবা দেবে।
চলতি বছরের শেষ দিকে আরএসজি পর্যটকদের জন্য উন্মুক্ত হওয়ার আগে এটিই সর্বশেষ চুক্তি। তাদাউলের ঘোষণায় উল্লেখ করা হয়েছে, চুক্তিটির ফলে কোম্পানির নগদ প্রবাহ বৃদ্ধি ও ব্যবসার উন্নতিতে এসএসিসির ব্যবসায়িক স্থায়িত্ব আরো বাড়বে।
তাদাউল বলছে, চুক্তিটি নতুন শিল্প ও পর্যটন শহরগুলোয় বিনিয়োগ আকর্ষণ করতে কোম্পানি গৃহীত কৌশলগত পরিকল্পনার অংশ। তবে চুক্তিটি এখনো রেড সি গ্লোবাল বোর্ড অব ডিরেক্টরসের চূড়ান্ত স্বাক্ষরের অপেক্ষায়।
আরএসজি ২০৩০ সালের মধ্যে ২২টি দ্বীপ ও ছয়টি অভ্যন্তরীণ এলাকায় ৫০টি রিসোর্ট পরিচালনা করতে প্রস্তুত। যাতে আট হাজারের বেশি হোটেল রুম এবং এক হাজারেরও বেশি আবাসিক ভবন রয়েছে। এ রিসোর্টগুলোর মধ্যে তিনটি চলতি বছরই খোলা হবে। যেখানে দেশটির বিমানবন্দরের অভ্যন্তরীণ ফ্লাইটে ভ্রমণকারীরা থাকতে পারবেন। আরএসজি সৌদি ফার্মগুলোকে তার উন্নয়ন ও পরিচালনা কার্যক্রমে যুক্ত করতে আগ্রহী।
মার্চে এটি স্থানীয় দরদাতাদের আকৃষ্ট করার লক্ষ্যে কিংডমের লোহিত সাগর উপকূলে বিকাশ করা প্রকল্পগুলোর পাশাপাশি কোম্পানির সঙ্গে অংশীদারত্বের সুযোগগুলো উপস্থাপনের মাধ্যমে স্থানীয় ও আঞ্চলিক সভাগুলোর একটি সিরিজের আয়োজন করে।
গত মার্চে অনুষ্ঠিত এক সভায় কোম্পানিটি বিদ্যমান চুক্তির ৭০ শতাংশ সৌদি কোম্পানিগুলোকে দেয়ার কথা জানায়। পাশাপাশি কোম্পানিটি তার মোট কর্মশক্তির অর্ধেক সৌদি নাগরিকদের মধ্য থেকে নিয়োগ দেয়ার চেষ্টা করছে বলেও জানা গেছে।










