এ সময় সংস্থাটির বাংলাদেশ কার্যালয়ের সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সদস্যরা উপস্থিত ছিলেন। অন্যদিকে ইডকলের পক্ষে ছিলেন নির্বাহী পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আলমগীর মোরসেদ এবং নবায়নযোগ্য জ্বালানির প্রধান মো. এনামুল করিম পাভেলসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। ইডকল গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

পরিদর্শনকালে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর জ্যাঁ পেসমে বাংলাদেশে পরিচ্ছন্ন জ্বালানি সম্প্রসারণে গৃহীত উদ্যোগগুলোর প্রশংসা করেন। পাশাপাশি টেকসই উন্নয়ন ত্বরান্বিত করতে অংশীদারত্বের গুরুত্ব তুলে ধরেন। অন্যদিকে ইডকলের নির্বাহী পরিচালক ও সিইও আলমগীর মোরসেদ বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি অর্থায়ন সম্প্রসারণে, বিশেষত রুফটপ সোলার খাতে ইডকলের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ইডকল দীর্ঘদিন ধরে সোলার হোম সিস্টেম, মিনিগ্রিড এবং ইউটিলিটি-স্কেল সোলার প্রকল্পে অর্থায়নের মাধ্যমে দেশে নবায়নযোগ্য জ্বালানি খাতের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।