যুক্তরাষ্ট্র ও চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে উদ্বেগ বেড়েছে। পাশাপাশি ডলারের বিপরীতে বেড়েছে ইয়েনের বিনিময় হার। এ কারণে বৃহস্পতিবার ওসাকা এক্সচেঞ্জে (ওএসসি) টানা চতুর্থ দিনের মতো জাপানি রাবারের দরপতন হয়েছে। খবর বিজনেস রেকর্ডার।

ওএসসিতে বৃহস্পতিবার ফেব্রুয়ারির সরবরাহ চুক্তিতে জাপানি রাবারের দাম ৪ দশমিক ১ ইয়েন বা ১ দশমিক ১৭ শতাংশ কমেছে। 

প্রতি কেজির মূল্য স্থির হয়েছে ৩৪৭ দশমিক ৫ ইয়েনে (২ ডলার ৪৩ সেন্ট), যা গত ২২ আগস্টের পর সর্বনিম্ন।

অন্যদিকে সাংহাই ফিউচারস এক্সচেঞ্জে (এসএইচএফই) জানুয়ারির সরবরাহ চুক্তিতে রাবারের দাম ৩৫ ইউয়ান বা দশমিক ২২ শতাংশ বেড়েছে।

ভারতের বিশ্লেষণ সংস্থা হোয়াট নেক্সট রাবারের প্রধান বিশ্লেষক জোম জ্যাকব বলেন, ‘‌রাবারের সরবরাহ সেপ্টেম্বর-জানুয়ারির শীর্ষ মৌসুমের তুলনায় তুলনামূলকভাবে কম হলেও নতুন কিছু উদ্বেগের কারণে দরপতন হয়েছে। যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক মন্দার আশঙ্কা ও চীনের চাহিদা পুনরুদ্ধার হওয়ার সম্ভাবনা কম। তাই তুলনামূলক কম দামে রাবার বেচাকেনা হচ্ছে।’

এদিকে শীর্ষ উৎপাদনকারী দেশ থাইল্যান্ডের আবহাওয়া সংস্থা ৮-১০ সেপ্টেম্বর ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। বৃষ্টিপাতে দেশটিতে ক্ষতিগ্রস্ত হতে পারে রাবার উৎপাদন।