অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলনে ওপেকের সিদ্ধান্ত মেনে চলার প্রতিশ্রুতি দিয়েছে ইরাক। পাশাপাশি দেশটি অতিরিক্ত জ্বালানি তেল উত্তোলনের জন্য ক্ষতিপূরণ দিতে স্পষ্ট ও দৃঢ় পদক্ষেপ নিয়েছে। ইরাক ও কাজাখস্তান সফর শেষে বৃহস্পতিবার এমন মন্তব্য করেন ওপেকের সাধারণ সম্পাদক হাইথম আল গাইস। খবর রয়টার্স।
ওপেক প্লাসের চুক্তির বিপরীতে একটি সদস্য দেশ কোনো মাসে অতিরিক্ত উত্তোলন করলে ক্ষতিপূরণ হিসেবে দেশটিকে পরের মাসে একই হারে উত্তোলন কমাতে হয়। চলতি বছরের শুরুতে ইরাক, কাজাখস্তান ও রাশিয়া অতিরিক্ত উত্তোলনের জন্য ক্ষতিপূরণ দেয়ার পরিকল্পনা জুনের শেষে জমা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিল।
এদিকে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে দীর্ঘদিন ধরেই উত্তোলন কমাচ্ছে পেট্রোলিয়াম রফতানিকারক দেশগুলোর সংস্থা ওপেক। এমনকি সম্প্রতি উত্তোলন কমিয়ে আনার নীতি অব্যাহত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে অক্টোবর থেকে উত্তোলন কমানোর নীতি ধীরে ধীরে শিথিল করার পরিকল্পনাও জানিয়েছে জ্বালানি তেল রফতানিকারক দেশগুলোর সংগঠনটি।
ওপেক প্লাস বর্তমানে দৈনিক ৫৮ লাখ ৬০ হাজার ব্যারেল হারে জ্বালানি তেল উত্তোলন কমিয়ে আনছে, যা বৈশ্বিক চাহিদার প্রায় ৫ দশমিক ৭ শতাংশ।










