সংযুক্ত আরব আমিরাতের রাস্তায় স্বচালিত গাড়ি চলাচলের অনুমোদন দেয়া হয়েছে। সম্প্রতি দেশটির প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়েছে। দেশটির রাস্তায় স্বচালিত কোনো গাড়িকে দেয়া প্রথম লাইসেন্স এটি। লাইসেন্সটি বিভিন্ন ধরনের স্বচালিত গাড়ি পরীক্ষাকারী উইরাইড কোম্পানিকে দেয়া হয়েছে। মন্ত্রিসভা বিদ্যুচ্চালিত গাড়ির জন্য একটি জাতীয় নীতিমালাও অনুমোদন করেছে। এর মধ্যে বিদ্যুচ্চালিত গাড়ির চার্জিং ডিভাইসগুলোর জন্য একটি নেটওয়ার্ক তৈরি করা, ইভি বাজার পর্যবেক্ষণ করা, কার্বন নিঃসরণ হ্রাস ও বিদ্যুৎ ব্যবহার কমানো নিশ্চিত করার মতো বিষয়গুলো রয়েছে। শেখ মোহাম্মদ বলেন, ‘দ্রুত পরিবর্তন হয়ে যাওয়া বিশ্বের সঙ্গে আমাদেরও তাল মিলিয়ে চলতে হবে। আগামী বছরগুলোয় দেশের মানুষের বসবাস ও চলাফেরার পদ্ধতিতে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে বলে আশা করছি।’ উইরাইডের আবুধাবি ও অন্যান্য কয়েকটি শহরে অফিস রয়েছে। তবে প্রতিষ্ঠানটির সদর দপ্তর চীনের গুয়াংজুতে অবস্থিত। বিশ্বব্যাপী ২৬টিরও বেশি শহরে তারা স্বচালিত গাড়ির কার্যক্রম ও গবেষণা পরিচালনা করে। আরব নিউজ