শিকোগাভিত্তিক ফুড চেইন পোর্টিলো সম্প্রতি ‘বিফ বাস’ নামের অভিনব প্রচারণা চালায়। এর মাধ্যমে সান বেল্টে রেস্টুরেন্ট খোলার আগে ক্রেতাদের তারা পৌঁছে দেয় হট ডগ বা ইতালিয়ান বিফ স্যান্ডউইচ। এ এলাকার শুধু পোর্টিলোয় নয়, ম্যাকডোনাল্ডসের মতো বৈশ্বিক ব্র্যান্ডও নজর দিয়েছে। কারণ সাশ্রয়ী জীবনযাত্রার পাশাপাশি এ অঞ্চলে বাড়তে থাকা জনসংখ্যা। খবর সিএনবিসি। 

সান বেল্ট বলতে যুক্তরাষ্ট্রের দক্ষিণের রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার জন্য পরিচিত অঞ্চলকে বোঝায়, যা দেশটির আকারের প্রায় এক-তৃতীয়াংশ। সাম্প্রতিক বছরগুলোয় এ অঞ্চলে উত্তর-পূর্ব ও মধ্য-পশ্চিম অঞ্চলের তুলনায় জনসংখ্যা বেড়েছে। কভিড-১৯ মহামারীর সময় শার্লট ও ফিনিক্সের মতো ছোট শহরে ভিড় করেছে মানুষ। অবস্থান, উষ্ণ আবহাওয়া, কম বিধিনিষেধ ও সস্তা আবাসন আকর্ষণ করেছে তাদের। এ কারণে হিউস্টন ও ডালাসের মতো টেক্সাসের শহরগুলো যুক্তরাষ্ট্রের অন্যতম জনবহুল অঞ্চলে পরিণত হয়েছে।

ফুড চেইন পোর্টিলোর সিইও মাইকেল অসানলো বলেন, ‘‌সর্বশেষ দশকে মধ্য-পশ্চিমের আট অঙ্গরাজ্যের চেয়ে টেক্সাসে জনসংখ্যা বৃদ্ধি বেশি। তাই এ অঞ্চলে ব্যবসা খোলার জন্য খুব বেশি চিন্তার দরকার পড়ে না। আজকাল ইন্ডিয়ানা ও উইসকনসিনের মতো অঙ্গরাজ্যের চেয়ে টেক্সাস, অ্যারিজোনা ও ফ্লোরিডায় বিক্রি শক্তিশালী।’

পোর্টিলো এ অঞ্চলে প্রথম ১২ মাসে আয় করে ১ কোটি ৩০ লাখ ডলার, যা এ রেস্টুরেন্ট চেইনের কাছে বিলিয়ন ডলার বক্স-অফিস জেতার মতো। জনবিন্যাসের এ পরিবর্তনের কারণে উত্তর-পূর্ব অঞ্চলের চেয়ে ছোট চেইনগুলো সান বেল্টে দ্রুত প্রসারিত হচ্ছে। শুধু রেস্তোরাঁই নয়, বিভিন্ন খাতের ব্যবসায়ীদের সান বেল্ট মনোযোগী করেছে। কিছুদিন আগে এ বৈঠকে বিনিয়োগকারীদের আমেরিকান এয়ারলাইনস জানায়, এ অঞ্চলে রুট আপডেটের সিদ্ধান্ত নেয়া হয়েছে। রিটেইল চেইন মেসির এখানকার শহরতলিতে ছোট স্টোর খুলছে। ফিলিপস এডিসন অ্যান্ড কোম্পানির মতো রিয়েল এস্টেট সংস্থা বেশ আগে সান বেল্টে বিনিয়োগ করেছিল। এখন তারা দেখছে, দক্ষিণের অভিবাসন ব্যবসা বাড়িয়ে তুলছে। এছাড়া চিকেন চেইন রাইজিং ক্যানস, চিপটল মেক্সিকান গ্রিল ও স্টারবাকস মহামারীর আগেই সান বেল্টে স্টোর খুলেছে। এ রিয়েল এস্টেট সংস্থা জেএলএলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জাস্টি গ্রিডার জানান, এখানে শুধু জনসংখ্যার বৃদ্ধিই ব্যবসাকে প্রভাবিত করছে না। এর সঙ্গে রয়েছে বিভিন্ন স্থান থেকে আসা ব্যক্তিদের রুচি।

উষ্ণ আবহাওয়ায় জনসংখ্যার বৃদ্ধি আঞ্চলিক চেইনের জন্য দেশব্যাপী প্রসারের সুযোগ এনে দিয়েছে। আইসক্রিম বা কফি চাহিদার যে আবহাওয়া নির্ভর বিন্যাস তাতেও প্রভাব ফেলেছে সান বেল্টের বর্ধিত জনসংখ্যা। কফি চেইন ডাচ ব্রাদার্স সান বেল্টে আসার কারণও উষ্ণ আবহাওয়া। ডাচ ব্রাদার্সের সিইও ক্রিস্টিন ব্যারন বলেন, ‘আমাদের ব্যবসার ৮০ শতাংশেরও বেশি ঠাণ্ডা পানীয়। উষ্ণ অঞ্চলে বাজারে এ পণ্যগুলো ভালো চলে।’

ডাচ ব্রাদার্স চলতি বছর ১৫০টি স্টোর খোলার পরিকল্পনা করছে, যার বেশির ভাগই হবে টেক্সাস ও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়। আগামী ১০-১৫ বছরে অন্তত চার হাজার স্টোর খোলার পরিকল্পনা রয়েছে তাদের।

এরই মধ্যে ব্যবসাবান্ধব অঞ্চলের খ্যাতি পেয়েছে সান বেল্ট। ২০২৩ সালে সিএনবিসির জরিপে যুক্তরাষ্ট্রের ব্যবসার শীর্ষে থাকা ১০ রাজ্যের মধ্যে সাতটিই ছিল সান বেল্টে। এছাড়া ক্যালিফোর্নিয়ার ফাস্ট-ফুড খাতে মজুরি বৃদ্ধির বিপরীতে টেক্সাস ও ফ্লোরিডায় কোম্পানিগুলো কম কর ও শিথিল নিয়মের সুবিধা পাচ্ছে। পরপর দুই বছর ধরে টেক্সাস সবচেয়ে বেশি ‘ফরচুন ফাইভ হানড্রেড’ কোম্পানির কেন্দ্রস্থলও।

খাদ্য পরিষেবাবিষয়ক সংস্থা টেকনোমিকের শিল্প গবেষণা বিভাগের পরিচালক কেভিন শিম্পফ বলেন, ‘‌গতিশীল জনসংখ্যা বৃদ্ধির পাশাপাশি সান বেল্ট অঞ্চলের অনেক অঙ্গরাজ্যে বন্ধুত্বপূর্ণ ব্যবসায়িক পরিবেশ রয়েছে, যা রেস্তোরাঁ অপারেটরদের কাছে আকর্ষণীয়। উদ্যোক্তা ও ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে সান বেল্ট সত্যিই দেশের বাকি অংশের তুলনায় দ্রুত প্রসারিত হচ্ছে।’