শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) গতকাল কমেছে সয়াবিন ও ভুট্টার দাম। এ নিয়ে টানা দ্বিতীয় দিনের মতো কৃষিপণ্য দুটির দাম কমল। দাম কমার কারণ হিসেবে সংশ্লিষ্টরা বলছেন, আর্জেন্টিনার খাদ্যশস্য উৎপাদন বেল্টে পর্যাপ্ত বৃষ্টিপাতের কারণে সরবরাহ সংকট কমার সম্ভাবনা দেখা দিয়েছে।

এদিকে গমের দামও কিছুটা কমেছে। তবে কৃষ্ণসাগরীয় অঞ্চল থেকে রফতানির গতি শ্লথ হয়ে পড়ায় বাজার শিগগিরই ঊর্ধ্বমুখী প্রবণতায় ফিরতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

২০২১ সালে ভয়াবহ খরার কবলে পড়ে বিশ্বের রুটির ঝুড়ি হিসেবে পরিচিত এই দেশ। কৃষিপণ্য উৎপাদনে নেমে আসে বিপর্যয়। তবে এ বছর আবহাওয়া আর্দ্র থাকার পূর্বাভাস মিলেছে।

শিকাগো বোর্ড অব ট্রেডে গতকাল প্রতি বুশেল সয়াবিনের দাম দশমিক ২ শতাংশ কমে ১৫ ডলার ২১ সেন্টে নেমেছে। প্রতি বুশেল ভুট্টা লেনদেন হয়েছে ৬ ডলার ৭৮ সেন্টে, যা এর আগের তুলনায় দশমিক ৪ শতাংশ কম। অন্যদিকে গমের দাম দশমিক ৭ শতাংশ কমে বুশেলপ্রতি ৭ ডলার ৩৭ সেন্টে নেমেছে। ব্যবসায়ীরা বলছেন, এখনো খরার ক্ষত কাটিয়ে উঠতে পারেনি কৃষি খাত। তবে আগামী ১০ দিন পর্যাপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।