বৈদ্যুতিক গাড়ির চার্জিং কোম্পানিগুলোর জন্য টেসলার প্লাগ রাখাকে বাধ্যতামূলক করার পরিকল্পনা নিয়েছে ওয়াশিংটন রাজ্য প্রশাসন। সরকারি খরচে হাইওয়েতে বিদ্যুৎ সংযোগ পেতে চাইলে কোম্পানিগুলোকে এ নিয়ম মানতে হবে। রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে সম্প্রতি এমনটাই জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।
টেক্সাসে এর আগে টেসলার দ্য নর্থ আমেরিকান চার্জিং স্ট্যান্ডার্ড (এনএসিএস) প্রযুক্তি ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছিল। ওয়াশিংটনের পরিকল্পনাটি মূলত টেক্সাসের অনুসরণ। প্রধান নির্বাহী ইলোন মাস্ক টেসলাকে জাতীয় চার্জিং প্রযুক্তিতে পরিণত করার স্বপ্ন দেখেন। ওয়াশিংটনের পরিকল্পনা বাস্তবায়ন হলে মাস্কের স্বপ্ন বাস্তবায়ন আরো এক ধাপ এগিয়ে যাবে। এরই মধ্যে জিএম, ফোর্ড ও রিভিয়ানের মতো বহুজাতিক অটো নির্মাতা প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, তারা শিগগিরই টেসলার এনএসিএস ব্যবহার শুরু করবে। তবে টেসলার সম্প্রসারণ বাইডেন প্রশাসনের কম্বাইন্ড চার্জিং সিস্টেমকে (সিসিএস) যুক্তরাষ্ট্রে প্রভাবশালী চার্জিং স্ট্যান্ডার্ড করার প্রচেষ্টাকে ফিকে করে দেবে।
ওয়াশিংটন রাজ্যের পরিবহন বিভাগের বিকল্প জ্বালানি প্রকল্পের ব্যবস্থাপক টোনিয়া বুয়েল বলেছেন, ‘আমি এনএসিএস নিয়ে সত্যিই আনন্দিত। শেষ পর্যন্ত অটোমেকাররা অভিন্ন স্ট্যান্ডার্ডের দিকে এগিয়ে আসছে। যতটা সম্ভব অধিক গাড়ি ও মডেল বানানোর সুযোগ দিতে চাই আমরা। যদিও অটো প্রস্তুতকারকদের জন্য এটি এখনো পরীক্ষা করা হয়নি। তাই কার্যকারিতা সম্পর্কে আমরা নিশ্চিত হতে চাই। রাজ্যের ও রাষ্ট্রীয় অর্থায়নে আগামীতে এসএসিএস বাধ্যতামূলক করার পরিকল্পনা করছি।’ রয়টার্সের প্রতিবেদনে দাবি করা হয়েছে, বছর শেষের দিকে প্রস্তাব অনুসারে কার্যক্রম শুরু করা হতে পারে। বুয়েল বলেছেন, ‘রাষ্ট্রীয় বিনিয়োগ নির্ভর করছে আসন্ন পরীক্ষায় সাফল্য প্রমাণিত হওয়ার ওপর। ফেডারেল নির্দেশনার ওপর ভিত্তি করে রাজ্য কর্মকর্তারা এখনো এনএসিএস চার্জারের সঠিক মিশ্রণ নির্ধারণ করার চেষ্টা করছেন।’
ফেডারেল নিয়মে প্রতিটি কর প্রদানকারী সাইটে কমপক্ষে চারটি সিসিএস চার্জার থাকতে হবে। রয়টার্স জানিয়েছে, ওয়াশিংটনের এ পরিকল্পনা অন্যান্য রাজ্য ও ফেডারেল সরকারের ওপর চাপ সৃষ্টি করতে পারে, যেন টেসলার এনএসিএস ব্যবহার করা হয়।










