২০২৫ সালে তামার দামের পূর্বাভাস আগের পূর্বাভাসের তুলনায় এক-তৃতীয়াংশ কমিয়ে এনেছে মার্কিন আর্থিক প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাকস। বিশ্বের শীর্ষ তামা ব্যবহারকারী দেশ চীনে ধাতুটির চাহিদা কমায় পূর্বাভাসে এ পরিবর্তন এনেছে প্রতিষ্ঠানটি। এতে খনি থেকে তামা উত্তোলক প্রতিষ্ঠানগুলোর মুনাফা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। খবর ফাইন্যান্সিয়াল টাইমস।
গোল্ডম্যান স্যাকস সতর্ক করেছে, চীনের আবাসন খাতে চাহিদা কমে যাওয়ায় আগের পূর্বাভাসের সঙ্গে সামঞ্জস্য রেখে দাম বাড়বে না। এর আগে আগামী বছর ধাতুটির দাম টনপ্রতি ইতিহাসের সর্বোচ্চ ১৫ হাজার ডলারে উন্নীত হবে বলে পূর্বাভাস দেয়া হয়েছিল। তবে সংশোধিত পূর্বাভাসে তা কমিয়ে ১০ হাজার ১০০ ডলারে নামিয়ে এনেছে গোল্ডম্যান স্যাকস।
গত কয়েক মাস চীনে তামার চাহিদা স্থবির হয়ে পড়েছে উল্লেখ করে গোল্ডম্যান স্যাকসের এক বিশ্লেষক বলেন, ‘তামার দাম এখনো বাড়েনি। ফলে তামার মজুদ হ্রাস ও দাম বাড়ার বিষয়টি পূর্বাভাসের তুলনায় আরো পরে ঘটবে।’
এরই মধ্যে ধাতব পণ্যটির দাম কমায় অস্ট্রেলিয়ান খনি কোম্পানি বিএইচপি ও রিও টিনটোর মতো বড় কোম্পানিগুলো সংকটে পড়েছে। গত মঙ্গলবার তামার দাম ২ দশমিক ১ শতাংশ কমায় যুক্তরাষ্ট্রের প্রধান তামা খনি কোম্পানি ফ্রিপোর্ট-ম্যাকমোরানের শেয়ারের দাম ৬ শতাংশ এবং অ্যাংলো আমেরিকান ও গ্লেনকোরের শেয়ারের দাম ৪ শতাংশ কমে গেছে।
তামা বৈদ্যুতিক তার ও ব্যাটারি তৈরিতে ব্যবহার হয়, যা বিশ্বব্যাপী কার্বন নিঃসরণ কমানোর জন্য গুরুত্বপূর্ণ। গত মে মাসে তামার দাম ইতিহাসের সর্বোচ্চ ১১ হাজার ডলারে পৌঁছলে বিএইচপি অ্যাংলো আমেরিকানকে ৩ হাজার ৯০০ কোটি ডলারের বিনিময়ে অধিগ্রহণের চেষ্টা করেছিল। যদিও তাতে সফল হয়নি কোম্পানিটি। তাদের ধারণা ছিল, তামার বাজার এ বছর সামান্য উদ্বৃত্তে ও আগামী বছর আরো বড় উদ্বৃত্তের মধ্যে থাকবে।
মে মাসের পর থেকে তামার দাম প্রায় ২০ শতাংশ কমে প্রতি টন ৮ হাজার ৯৫০ ডলারে পৌঁছে। ফলে বড় ঋণদাতাদের মধ্যে মধ্যমেয়াদে এর দাম নিয়ে নেতিবাচক মনোভাব তৈরি হয়। দাম কমায় খনি ব্যবসায়ীদের মুনাফার ওপর চাপ সৃষ্টি হতে পারে। ফ্রিপোর্ট-ম্যাকমোরানের আশঙ্কা, তামার মূল্য প্রতি টনে ২২০ ডলার ওঠানামার কারণে তাদের প্রত্যাশিত মূল আয় গড়ে ৪৩ কোটি ডলার পর্যন্ত প্রভাবিত হতে পারে।










