ভয়াবহ খরার প্রভাব এখনো কাটিয়ে উঠতে পারেনি ব্রাজিল। ফলে সেপ্টেম্বরেও ভুট্টা আমদানি বাড়িয়েছে দেশটি। এদিকে উৎপাদন ব্যাহত হওয়ায় কৃষিপণ্যটির রফতানি কমেছে। ব্রাজিলের শুল্ক বিভাগ এ তথ্য জানিয়েছে। খবর এসঅ্যান্ডপি গ্লোবাল প্ল্যাটস।
শুল্ক বিভাগের তথ্য বলছে, সেপ্টেম্বরে লাতিন আমেরিকার দেশটি ৪ লাখ ৭ হাজার ৭৯ টন ভুট্টা আমদানি করে। এক বছরের ব্যবধানে আমদানি বেড়েছে ১৭৬ দশমিক ৬ শতাংশ।
ব্রাজিল মূলত ভুট্টা রফতানিনির্ভর দেশ। কিন্তু চলতি বছর মারাত্মক খরায় দেশটির বেশির ভাগ অঞ্চলে ভুট্টা আবাদ ব্যাহত হয়েছে। ফলে এ বছর ভুট্টা রফতানি মন্দার মুখে রয়েছে। সেপ্টেম্বরে দেশটি ২৮ লাখ ৫৫ হাজার টন ভুট্টা রফতানি করে। এক বছরের ব্যবধানে রফতানি ৫৫ দশমিক ২ শতাংশ কমেছে। ব্রাজিল বিশ্বের দ্বিতীয় শীর্ষ ভুট্টা রফতানিকারক হলেও দেশটির দক্ষিণাঞ্চলের রাজ্যগুলো প্রায়ই প্যারাগুয়ে ও আর্জেন্টিনা থেকে ভুট্টা আমদানি করে থাকে। ব্রাজিলের মধ্য-পূর্ব অঞ্চলে সবচেয়ে বেশি ভুট্টা উৎপাদন হয়। কিন্তু এ অঞ্চল থেকে ভুট্টা সরবরাহ ব্যয়বহুল হওয়ায় সস্তায় দেশ দুটি থেকে ভুট্টা আমদানি করেন দক্ষিণাঞ্চলের ব্যবসায়ীরা। এদিকে সম্প্রতি ব্রাজিলের অনেক এলাকায় বৃষ্টিপাত শুরু হয়েছে। পর্যাপ্ত বৃষ্টিপাত দেশটির ভুট্টা উৎপাদন খাতে মন্দা কাটাতে সহায়তা করছে।










