২০২১-২২ মৌসুমে ভুট্টা উৎপাদন বৃদ্ধির সম্ভাবনা দেখছে ব্রাজিল। এ মৌসুমে কৃষিপণ্যটির উৎপাদন ৪০ শতাংশ বৃদ্ধির পূর্বাভাস মিলেছে। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেন এগ্রিকালচারাল সার্ভিসের গ্লোবাল এগ্রিকালচারাল ইনফরমেশন নেটওয়ার্ক রিপোর্টে এ তথ্য উঠে এসেছে।
ইউএসডিএর প্রাক্কলন অনুযায়ী, ২০২০-২১ মৌসুমে ব্রাজিলে ৮ কোটি ৫০ লাখ টন ভুট্টা উৎপাদন হয়। ২০১৭-১৮ মৌসুমের পর এটি সর্বনিম্ন উৎপাদন। ভয়াবহ খরার প্রভাবে গত বছর দেশটির ভুট্টা আবাদ ব্যাপকভাবে ব্যাহত হয়। এ কারণেই উৎপাদনে ধস নামে। তবে এ বছর খরার প্রভাব কাটতে শুরু করেছে। আবহাওয়া অনুকূল থাকলে মৌসুম শেষে উৎপাদনের পরিমাণ দাঁড়াবে ১১ কোটি ৮০ লাখ টনে।
ইউএসডিএ বলছে, ২০২১-২২ মৌসুমে প্রতি হেক্টর জমিতে উৎপাদন বেড়ে ৫৬ লাখ ৭০ হাজার টনে পৌঁছতে পারে। কৃষিপ্রযুক্তিতে পর্যাপ্ত বিনিয়োগ, উপযোগী আবহাওয়া ও সুশৃঙ্খল আবাদ প্রক্রিয়া উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করছে। ২০১০-১১ মৌসুমে ব্রাজিলে প্রতি হেক্টর জমিতে ৪১ লাখ ৬০ হাজার টন ভুট্টা উৎপাদন হয়েছিল। গত এক দশকে হেক্টরপ্রতি উৎপাদনে প্রায় এক-তৃতীয়াংশ সমৃদ্ধি এসেছে। ২০২১-২২ মৌসুমে ভুট্টা আবাদি জমির পরিমাণ আগের মৌসুমের তুলনায় বেড়েছে ৫ শতাংশ।
এদিকে উৎপাদনের পাশাপাশি মিলেছে রফতানি বৃদ্ধির পূর্বাভাসও। ইউএসডিএ জানায়, এ মৌসুমে ভুট্টা রফতানি ৪ কোটি ৩০ লাখ টনে পৌঁছতে পারে। আগের মৌসুমে রফতানির পরিমাণ ছিল মাত্র ১ কোটি ৯০ লাখ টন।










