তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) বাজার সক্ষমতা গত বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি বাড়ানোর প্রয়োজনীয়তা অনুভব করছে জ্বালানি তেল ও গ্যাস জায়ান্ট বেকার হিউজেস। ২০৩০ সালের মধ্যে এলএনজি সক্ষমতা ৮০ কোটি টনে উন্নীত করা জরুরি বলে মনে করছে প্রতিষ্ঠানটি। বেকার হিউজেসের চেয়ারম্যান এবং সিইও লরেঞ্জো সেমোনেলি এ কথা জানিয়েছেন। খবর রয়টার্স।

এসঅ্যান্ডপি গ্লোবাল প্ল্যাটস কর্তৃক আয়োজিত ৩৭তম এশিয়া প্যাসিফিক পেট্রোলিয়াম কনফারেন্সে লরেঞ্জো সেমোনেলি বলেন, আমরা এরই মধ্যে আমাদের প্রাক্কলন সম্পন্ন করেছি। বাজার পরিস্থিতির ওপর ভিত্তি করে ২০৩০ সালের মধ্যে এলএনজি সক্ষমতা ৮০ কোটি টনে উন্নীত করা প্রয়োজন। গত বছর সক্ষমতার পরিমাণ ছিল ৩৪ কোটি ৫০ লাখ টন।

জ্বালানি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান রয়েল ডাচ শেল গত বছর এক পূর্বাভাসে জানায়, ২০৪০ সাল নাগাদ এলএনজির চাহিদা দ্বিগুণ হয়ে ৭০ কোটি টনে উন্নীত হতে পারে। পণ্যবাজার পরামর্শক প্রতিষ্ঠান উড ম্যাকেঞ্জির পূর্বাভাস বলছে, বাজারে ঊর্ধ্বমুখী চাহিদা মেটাতে ২০৪০ সালের মধ্যে নতুন করে আরো ২৫ কোটি টন এলএনজি বিশ্ববাজারে সরবরাহ করতে হবে।