যুক্তরাষ্ট্রে চিনির চাহিদা বাড়ছে।
ফলে ২০২১-২২ মৌসুমে পণ্যটির ব্যবহার বৃদ্ধির সম্ভাবনা দেখা দিয়েছে।
ঊর্ধ্বমুখী চাহিদা মেটাতে দেশটির চিনি আমদানি বৃদ্ধির পরিকল্পনা রয়েছে।
মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) এক পূর্বাভাসে এ তথ্য উঠে এসেছে।
ইউএসডিএর দেয়া তথ্য অনুযায়ী, ২০২১-২২ মৌসুমে যুক্তরাষ্ট্রের চিনির ব্যবহার ৭৫ হাজার শর্ট টন বেড়ে ১ কোটি ২৩ লাখ ৪০ হাজার শর্ট টনে পৌঁছবে।
অক্টোবরে ২০২১-২২ বিপণন মৌসুম শুরু হতে যাচ্ছে।
এ মৌসুমে যুক্তরাষ্ট্র ৩২ লাখ ১০ হাজার টন চিনি আমদানি করবে।
ইউএসডিএর আগের পূর্বাভাসে আমদানির পরিমাণ ধরা হয়েছিল ৩১ লাখ ৩০ হাজার টন।
সংস্থাটির মাসভিত্তিক সরবরাহ ও চাহিদা-সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
যুক্তরাষ্ট্রের বাজারে সবচেয়ে বেশি চিনি সরবরাহ করে মেক্সিকো।
চাহিদার বাকি অংশ মেটায় অন্যান্য প্রধান চিনি রফতানিকারক দেশ।
তবে আসন্ন মৌসুমে মেক্সিকো থেকে চিনি আমদানির পরিমাণ হ্রাস পেতে পারে।
ইউএসডিএ বলছে, ২০২১-২২ মৌসুমে মেক্সিকো থেকে চিনি আমদানি ২৫ শতাংশ কমে ১০ লাখ ৮০ হাজার টনে নেমে আসতে পারে।
বাজারসংশ্লিষ্টরা বলছেন, স্বাভাবিকের তুলনায় শুষ্ক আবহাওয়ার কারণে ২০২০-২১ মৌসুমে মেক্সিকোতে প্রত্যাশার তুলনায় কম চিনি উৎপাদন হয়েছে।
ফলে দেশটি যুক্তরাষ্ট্রে পর্যাপ্ত চিনি সরবরাহ করতে সক্ষম হবে না।










