শারদীয় দুর্গা পূজা উপলক্ষে বন্ধ ঘোষণা করলেও কাঁচামরিচসহ আটকে পড়া পণ্য রফতানি করতে ভারতীয় ব্যবসায়ীদের অনুরোধে হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে গতকাল ছুটির মধ্যেও আমদানি-রফতানি বাণিজ্য চালু ছিল।

এ বিষয়ে বাংলা হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সচিব শাহিনুর ইসলাম জানান, আজ থেকে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পুজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে গতকাল থেকে ২৭ অক্টোবর পর্যন্ত বন্দর দিয়ে দুদেশের মাঝে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ ঘোষণা করেন ভারতীয় ব্যবসায়ীরা। কিন্তু গত মঙ্গলবার পর্যন্ত ভারতে আটকে থাকা কাঁচামরিচসহ সব পণ্য রফতানি করতে পারেনি দেশটি। তাই বুধবার বন্দর দিয়ে আমদানি-রফতানি চালুর কথা জানিয়ে পত্র দেন ভারতীয় ব্যবসায়ীরা। সে মোতাবেক গতকাল বন্দর দিয়ে আমদানি-রফতানি বেলা সাড়ে ৩টা পর্যন্ত চালু ছিল।