চলতি বছরের প্রথম প্রান্তিকে ১৫ শতাংশ কর্মী ছাটাই করবে মার্কিন মুদ্রণ প্রতিষ্ঠান জেরক্স। মুদ্রণ ব্যবসার পরিসর ছোট করে আনার প্রচেষ্টার অংশ হিসেবে সম্প্রতি এ পদক্ষেপের ঘোষণা দিয়েছে কোম্পানিটি। খবর দ্য নিউইয়র্ক টাইমস।
সংবাদ বিজ্ঞপ্তিতে জেরক্স জানিয়েছে, বিশ্বব্যাপী তারা কর্মীসংখ্যা কমিয়ে আনবে। ২০২২ সাল পর্যন্ত প্রতিষ্ঠানটিতে প্রায় ২৩ হাজার মানুষ কর্মরত ছিল। ২০২৪ সালের প্রথম তিন মাসের মধ্যে কর্মীসংখ্যা কমিয়ে আনা হবে এবং নতুন টিমের নেতৃত্বে কোম্পানিকে ঢেলে সাজানো হবে।
এদিকে কর্মী ছাঁটাইয়ের ঘোষণার প্রভাবে কোম্পানিটির শেয়ার ১২ শতাংশ পড়ে গেছে। এর আগে ২০১৮ সালে ব্যয় কমিয়ে আনার পদক্ষেপ নিয়ে শত কোটি ডলার সাশ্রয় করেছিল জেরক্স, যার প্রভাবে গত বছরগুলোয় কোম্পানিটির শেয়ার দর ক্রমাগত বেড়েছিল। কিন্তু ২০২৩ সালের তৃতীয় প্রান্তিকে এসে ২০২২ সালের একই সময়ের তুলনায় কোম্পানিটির আয় কমে যায় প্রায় ৬ শতাংশ।
জেরক্স ১৯০৬ সালে হ্যালয়েড কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। ২০ শতকজুড়ে ফটোকপি মেশিন তৈরির জন্য এর নাম হয়ে ওঠে জেরক্স। কিন্তু পরবর্তী সময়ে ক্যাননের মতো জাপানি প্রতিযোগীদের চাপের মুখে মার্কিন কোম্পানিটি অন্যান্য খাতে ব্যবসায় সম্প্রসারণের সিদ্ধান্ত নেয়। বিশেষ করে বীমা ও রিয়েল এস্টেটের মতো আর্থিক সেবাখাতে মনোযোগ বাড়ায় জেরক্স।
টিকে থাকার এসব কৌশল খুব বেশি কাজে আসেনি। তাই বাধ্য হয়েই নব্বইয়ের দশকে কোম্পানি তার সহায়ক ব্যবসাগুলো বিক্রি করে দেয়। সম্প্রতিক বছরগুলোয় জেরক্স ডিজিটাল যুগের সঙ্গে টিকে থাকার লড়াই করছে। কেননা বর্তমানে কালি ও মুদ্রিত ডকুমেন্টের চাহিদা কমে গেছে।
জেরক্সের সাবেক প্রধান নির্বাহী উরসুলা বার্নসের নেতৃত্বে কোম্পানিটি গ্রাহকদের মানবসম্পদ, স্বাস্থ্যসেবা ও অর্থপ্রদান ব্যবস্থা পরিচালনায় নথির ব্যবহার বাড়ানোর চেষ্টা চালিয়েছিল। ২০১০ সালে জেরক্স অ্যাফিলিয়েটেড কম্পিউটার সার্ভিসেসের মালিকানা কিনে নেয়। সে সময় ৬৪০ কোটি ডলারে ই-জেডপাস হাইওয়ে টোলের জন্য কম্পিউটার পেমেন্ট সেবা পরিচালনা করত অ্যাফিলিয়েটেড কম্পিউটার সার্ভিসেস।
কিন্তু মাত্র চার বছরের মাথায় ২০১৪ সালে জেরক্স তার তথ্যপ্রযুক্তি আউটসোর্সিং ব্যবসা ১০০ কোটি ডলারের বেশি দামে বিক্রি করে দেয়। এ সময় চীনে সস্তায় কার্টিজ-ক্লোন উৎপাদন শুরু করলে প্রতিযোগিতার মুখে পড়ে। এতে আরেক দফা আয় কমে কোম্পানিটির। কোম্পানিটি থ্রি-ডি প্রিন্টিং ব্যবসাও শুরু করেছিল। কিন্তু ২০২৩ সালের আগস্টে সেটিও বিক্রি করে দেয়।










