চলতি ২০২৩-২৪ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) পুঁজিবাজারে তালিকাভুক্ত এপেক্স ট্যানারি লিমিটেডের আয় বেড়েছে ৫২ শতাংশ। আয় বৃদ্ধির পাশাপাশি এ সময়ে কোম্পানিটির লোকসানও কমেছে। কোম্পানিটির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির আয় হয়েছে ২১ কোটি ২৬ লাখ টাকা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ১৩ কোটি ৯৮ লাখ টাকা। সে হিসাবে কোম্পানিটির আয় বেড়েছে ৭ কোটি ২৮ লাখ টাকা বা ৫২ দশমিক শূন্য ৭ শতাংশ। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির কর-পরবর্তী লোকসান হয়েছে ১ কোটি ৫৭ লাখ টাকা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ২ কোটি ৯৭ লাখ টাকা। সে হিসাবে কোম্পানিটির লোকসান কমেছে ১ কোটি ৪০ লাখ টাকা বা ৪৭ দশমিক ১৪ শতাংশ। চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৩ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ১ টাকা ৯৫ পয়সা।
চলতি হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) কোম্পানিটির আয় হয়েছে ৩৮ কোটি ৯২ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩৮ কোটি ৫৪ লাখ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী লোকসান হয়েছে ৫ কোটি ৬৫ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৫ কোটি ২৯ লাখ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩ টাকা ৭১ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩ টাকা ৪৮ পয়সা। গত ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ৫০ টাকা ৩৫ পয়সায়।
সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল পুঁজিবাজারে তালিকাভুক্ত এপেক্স ট্যানারি লিমিটেড। ঘোষিত এ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে কোম্পানিটি। সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৮ টাকা ১৭ পয়সা। আগের হিসাব বছরে ইপিএস ছিল ৮২ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৫৪ টাকা ৮৫ পয়সায়, আগের হিসাব বছরে যা ছিল ৬৩ টাকা ৩৯ পয়সা।
২০২১-২২ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল এপেক্স ট্যানারি। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৮২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩৪ পয়সা।










