চলতি বছরের তৃতীয় প্রান্তিকে ভারতের অপরিশোধিত ইস্পাত উৎপাদন ২ দশমিক ৫৬ শতাংশ বেড়েছে। উৎপাদনের পরিমাণ দাঁড়িয়েছে ৩ কোটি ৬০ হাজার টনে। গত বছরের একটি সময় ভারত ২ কোটি ৯৩ লাখ ১০ হাজার টন অপরিশোধিত ইস্পাত উৎপাদন করেছিল। গবেষণা প্রতিষ্ঠান স্টিলমিন্টের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিষ্ঠানটি বলছে, সদ্য সমাপ্ত প্রান্তিকে ভারতের অপরিশোধিত ইস্পাত উৎপাদন বাড়লেও কমেছে। এ সময় দেশটি ১৪ লাখ ১০ হাজার টন রফতানি করে। গত বছরের একই সময় রফতানির পরিমাণ ছিল ৪২ লাখ টন। অর্থাৎ এক বছরের ব্যবধানে রফতানি ৬৬ দশমিক ৪৩ শতাংশ কমেছে।
তবে শিল্প ধাতুটির স্থানীয় ব্যবহার ১১ দশমিক ৩৩ শতাংশ বেড়েছে। ব্যবহারের পরিমাণ দাঁড়িয়েছে ২ কোটি ৭৫ লাখ ২০ হাজার টনে। এর আগের বছরের একই সময় ব্যবহার হয়েছিল ২ কোটি ৪৭ লাখ ২০ হাজার টন।
এদিকে চলতি প্রান্তিকেও ভারতের অপরিশোধিত ইস্পাত উৎপাদন বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে স্টিলমিন্ট। প্রতিষ্ঠানটি বলছে, সদ্য সমাপ্ত প্রান্তিকে রক্ষণাবেক্ষণজনিত কারণে কিছু মিলের কার্যক্রম বন্ধ ছিল। তবে এ প্রান্তিকে সেগুলোর কার্যক্রম শুরু হয়েছে। ফলে এ সময় উৎপাদন আরো বাড়বে।










