রাজধানীর আগারগাঁওয়ে পর্যটন ভবনে গতকাল ফাউন্ডেশনের ২০তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ তথ্য জানানো হয়। এতে সভাপতিত্ব করেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন ও শিল্প সচিব মো. ওবায়দুর রহমান। তিনি জানান, সুবিধাভোগী উদ্যোক্তাদের মধ্যে ২৩ হাজার ৫৫০ জন পুরুষ, ২২ হাজার ৮৩৯ জন নারী এবং তৃতীয় লিঙ্গের ৭০ জন উদ্যোক্তা রয়েছেন।

সভায় স্বাগত বক্তব্য দেন ফাউন্ডেশনের উপব্যবস্থাপনা পরিচালক মো. নাজিম হাসান সাত্তার। ২০২৪-২৫ অর্থবছরে বাস্তবায়িত কর্মসূচির বিস্তারিত পরিসংখ্যান তুলে ধরেন ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী। তিনি জানান, গত অর্থবছরে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের উন্নয়নে মোট ৬৫৬টি কর্মসূচি বাস্তবায়ন করেছে এসএমই ফাউন্ডেশন। এর মধ্যে স্বল্পসুদে প্রায় সাড়ে তিন হাজার উদ্যোক্তার মধ্যে ৩৭৩ কোটি টাকা ঋণ বিতরণ উল্লেখযোগ্য।

অন্যদিকে এসএমই খাতের উন্নয়নে ২০২৪-২৫ অর্থবছরের বাজেটের জন্য জাতীয় রাজস্ব বোর্ডে ১৪১টি প্রস্তাবও উপস্থাপন করেছে ফাউন্ডেশন। একই সময় নয়টি প্রতিষ্ঠানের আইএসও ২২ হাজার সনদ অর্জনে সহায়তা দেয়া হয়েছে।

ফাউন্ডেশনের সেবা সহজলভ্য করতে ‘এসএমইএফ সার্ভিস প্লাটফর্ম’ নামে অনলাইন নিবন্ধন ব্যবস্থা চালু করা হয়েছে। নারী উদ্যোক্তাদের জন্য ‘বিজনেস পিচ কম্পিটিশন’ আয়োজন করে তিনজন বিজয়ীকে মোট ১২ হাজার ডলার সমমূল্যের পুরস্কার দেয়া হয়। একই সঙ্গে করপোরেট ক্রেতাদের সঙ্গে নারী উদ্যোক্তাদের সংযোগ তৈরিতে ম্যাচমেকিং কর্মসূচি আয়োজন করা হয়। এছাড়া ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে ১৪৩টি প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।

সভায় পরিচালক পর্ষদের প্রতিবেদন উপস্থাপন ও গ্রহণ, নিরীক্ষিত আর্থিক বিবরণী এবং নিরীক্ষকের প্রতিবেদন অনুমোদন করা হয়। পাশাপাশি ২০২৬-২৭ অর্থবছরের বাজেটও অনুমোদিত হয়।