বিদায়ী ২০২৩ সালে এক দশকের মধ্যে বৈশ্বিক বাণিজ্যচুক্তি (মার্জার অ্যান্ড অ্যাকুইজিশন) ৩ ট্রিলিয়ন (৩ লাখ কোটি) ডলারের নিচে নেমেছে। অর্থনীতিবিদরা জানান, ক্রমবর্ধমান ভূরাজনৈতিক উত্তেজনা ও উচ্চ সুদহারের কারণে এমনটা ঘটেছে। খবর দ্য ফাইন্যান্সিয়াল টাইমস।

লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপের তথ্যানুসারে, এ বছর বিশ্বব্যাপী প্রায় ২ দশমিক ৯ ট্রিলিয়ন ডলার মূল্যের বাণিজ্য চুক্তি হয়েছে, যা ২০২২ সালের তুলনায় ১৭ শতাংশ কম। ২০০৮-০৯ সালের পর প্রথমবারের মতো বাণিজ্য চুক্তির মূল্য ১০ শতাংশের বেশি কমেছে।

বিশেষজ্ঞরা জানান, কভিড-১৯ মহামারীর পরে একত্রীকরণ ও অধিগ্রহণ কমেছে। নীতিনির্ধারকরা আরো কঠোর পদ্ধতি গ্রহণ করেছেন। বৈশ্বিক সুদহারের দ্রুত বৃদ্ধি প্রাইভেট ইকুইটি মার্কেটকে স্থবির করছে। যুক্তরাষ্ট্রে এনার্জি খাতে এক্সনমবিল ও শেভরনের দুটি চুক্তির প্রতিটির মূল্য ৫ হাজার কোটি ডলারের বেশি। চলতি বছরের শেষ দিকের এ চুক্তি মোট লেনদেনের পরিমাণ বাড়িয়ে দিয়েছে। চতুর্থ প্রান্তিকে চুক্তির মূল্য তৃতীয় প্রান্তিকের তুলনায় ২৮ শতাংশ বেড়েছে। গত অক্টোবরে শুরু হওয়া হামাস-ইসরায়েল যুদ্ধ নতুন চুক্তির পথ বন্ধ করে দিয়েছে।

সুইস আর্থিক প্রতিষ্ঠান ইউবিএসের অল্টারনেটিভ ক্যাপিটাল গ্রুপের গ্লোবাল কো-হেড সিমোনা মায়েলার বলেন, ‘‌২০২৩ স্পষ্টতই একটি খুব ধীর বছর। প্রত্যাশার চেয়ে অনেক কম চুক্তি হয়েছে। ইউরোপে এবার বাণিজ্য চুক্তি ২৮ শতাংশ কমেছে। এছাড়া এশিয়া-প্যাসিফিক অঞ্চলে ২৫ শতাংশ কম ও যুক্তরাষ্ট্রে ৬ শতাংশ কম হয়েছে।’

গোল্ডম্যান স্যাকসের গ্লোবাল মার্জার অ্যান্ড অ্যাকুইজিশনের কো-হেড৷মার্ক সোরেল বলেছেন, চুক্তির পরিবেশ সারা বছর প্রতিকূল ছিল। বিশেষ করে মধ্যপ্রাচ্যের ঘটনা পরিস্থিতিকে জটিল করেছে।

২০২৩ সালে আর্থিক খাতের বিনিয়োগ সংশ্লিষ্ট চুক্তি গত বছরের তুলনায় ৩০ শতাংশ কমে ৫৬ হাজার ২০০ কোটি ডলার হয়েছে।

গ্লোবাল ইনভেস্টমেন্ট ব্যাংকিং ফি মন্দার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। গত বছরের তুলনায় ৮ শতাংশ কমে ১০ হাজার ৫০০ কোটি ডলার হয়েছে। অধিগ্রহণ খাতে ফি সবচেয়ে বেশি কমেছে। ২৬ শতাংশ কমে ২ হাজার ৯০০ কোটি ডলার হয়েছে, যা ২০১৬ সালের পর সর্বনিম্ন।

গোল্ডম্যান স্যাকস মার্জার অ্যান্ড অ্যাকুইজিশন খাতে শীর্ষস্থান ধরে রেখেছে। যুক্তরাষ্ট্রে কোম্পানিটি শীর্ষ অবস্থানে। মর্গান স্ট্যানলি ও জেপি মরগান যথাক্রমে এশিয়া ও ইউরোপে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে।

বিনিয়োগ উপদেষ্টারা বলেছেন, প্রাইভেট ইকুইটি গ্রুপগুলো সম্পদের মূল্যায়ন করতে অসুবিধায় পড়েছে। ব্রুকফিল্ডের হলিডে রিসোর্ট গ্রুপ সেন্টার পার্কসকে ৪০০ কোটি পাউন্ডের বেশি বিক্রি করার পরিকল্পনা উচ্চ সুদহার এবং মূল্যস্ফীতির কারণে মুখ থুবড়ে পড়েছে। প্রাইভেট ইকুইটি গ্রুপগুলো আগামী বছর নতুন চুক্তিতে আরো চাপের মুখে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

গেমিং কোম্পানি অ্যাক্টিভিশন ব্লিজার্ডের সঙ্গে মাইক্রোসফটের ৭ হাজার ৫০০ কোটি ডলারের চুক্তি ২১ মাস ঝুলে থাকার পরে সম্পন্ন হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্যের নীতিনির্ধারকরা তদন্ত শুরু করার পরে এডোবির ২ হাজার কোটি ডলারে সফটওয়্যার গ্রুপ ফিগমার অধিগ্রহণ প্রক্রিয়া বন্ধ হয়ে গেছে।

বিশেষজ্ঞরা মনে করেছেন আগামী বছরের দ্বিতীয়ার্ধে চলতি বছরের তুলনায় চুক্তি প্রক্রিয়া বাড়তে পারে।