ইন্দোনেশীয় কয়লার মূল্য বাজার আদর্শ অনুসারে গত এক দশকের সর্বোচ্চে অবস্থান করছে। চীন, দক্ষিণ কোরিয়া এবং ইউরোপে ক্রমবর্ধমান চাহিদার ফলে কয়লার মূল্যে এমন প্রবৃদ্ধি দেখা দিয়েছে বলে জানান দেশটির সংশ্লিষ্টরা। সম্প্রতি ইন্দোনেশিয়ার জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক মন্ত্রণালয়ের প্রকাশিত এক বিবৃতিতে এমনটা জানা যায়। খবর দ্য জাকার্তা পোস্ট

সেপ্টেম্বরের জন্য দেশটির মন্ত্রণালয় কয়লার মূল্যনির্ধারণে বাজার আদর্শ নির্ধারণ করে দেয়। বেঞ্চমার্ক কয়েল প্রাইস (এইচবিএ) অনুসারে চলতি মাসের জন্য প্রতি টন ইন্দোনেশীয় কয়লার বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫০ ডলার শূন্য ৩ সেন্ট, যা আগস্টে থাকা প্রতি টন কয়লার মূল্যের চেয়ে ১৪ ডলার ৫৩ সেন্ট বেশি। আগস্টে প্রতি টন ইন্দোনেশীয় কয়লার বিক্রয় মূল্য ছিল ১৩০ ডলার ৯৯ সেন্ট।

বর্তমান বাজার আদর্শ অনুসারে এ মূল্য এক দশকের সর্বোচ্চে অবস্থান করছে। সর্বশেষ ২০১১ সালের নভেম্বরে দেশটির কয়লার মূল্য ছিল টনপ্রতি ১১৬ ডলার ৬৫ সেন্ট।

মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুসারে চীনের বর্তমান বিদ্যুতের চাহিদার ফলে দেশটির অভ্যন্তরীণ কয়লা উৎপাদন ক্ষমতাকে ছাড়িয়ে গেছে। ফলে বিদ্যুৎ উৎপাদনের জন্য কয়লা আমদানির ওপর নির্ভর করতে হচ্ছে চীনকে। ইন্দোনেশিয়ার জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মুখপাত্র অগাঙ প্রিবাদি এক বিবৃতিতে এমনটা জানান।