ইন্দোনেশিয়ায় জুনে পাম অয়েল রফতানি কমেছে। এ সময় দেশটি মোট ৩৩ লাখ ৮৫ হাজার টন পাম অয়েল রফতানি করে, যা এর আগের বছরের তুলনায় ১ দশমিক ৮৮ শতাংশ কম। বুধবার এসব তথ্য জানিয়েছে ইন্দোনেশিয়ার পাম অয়েল অ্যাসোসিয়েশন জিএপিকেআই। খবর বিজনেস রেকর্ডার।

বিশ্বের বৃহত্তম পাম অয়েল উৎপাদনকারী দেশগুলোর মধ্যে অন্যতম ইন্দোনেশিয়া। জিএপিকেআই জানায়, জুনে দেশটির পাম অয়েল উৎপাদনের পরিমাণ ছিল ৩৬ লাখ ৯০ হাজার টন। জুনের শেষে পণ্যটির মজুদ ছিল ২৮ লাখ ২০ হাজার টন।

উদ্ভিজ্জ তেলের আমদানি শুল্ক বাড়াতে পারে ভারত: বিশ্বে সবচেয়ে বড় উদ্ভিজ্জ তেল আমদানিকারক দেশ ভারত। দেশটিতে উদ্ভিজ্জ তেল আমদানি শুল্ক বাড়ানোর সম্ভাবনা রয়েছে। ফলে চাহিদা নিয়ে উদ্বেগের কারণে গতকাল ফিউচার মার্কেটে তৃতীয় দিনের মতো নিম্নমুখী হয়েছে মালয়েশিয়ান পাম অয়েলের দাম।

বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে নভেম্বরে সরবরাহ চুক্তিতে পাম অয়েলের দাম আগের দিনের তুলনায় ১১ রিঙ্গিত বা দশমিক ২৮ শতাংশ কমেছে। টনপ্রতি মূল্য দাঁড়িয়েছে ৩ হাজার ৯০৯ রিঙ্গিতে (৯০৪ ডলার ২৩ সেন্ট)।

সেলাঙ্গরভিত্তিক ব্রোকারেজ কোম্পানি পেলিনদুং বেস্টারি’র পরিচালক লিঙ্গাম সুপ্রামানিয়াম বলেন, ‘‌ভারতের আমদানি শুল্ক বৃদ্ধির সম্ভাবনা, অন্যান্য ভোজ্যতেলের সস্তা দাম ও ডলারের বিপরীতে রিঙ্গিতের বিনিময় হার বেড়ে যাওয়ায় পাম অয়েলের দাম কমছে।’

ভারতের দুটি সরকারি সূত্র বুধবার জানিয়েছে, ভারত উদ্ভিদজাত তেল আমদানি শুল্ক বাড়ানোর পরিকল্পনা করছে। কয়েক সপ্তাহের মধ্যে শুল্ক বাড়ানোর ঘোষণা দেয়া হতে পারে। এটি বাড়ালে বিশ্বের অন্যান্য দেশ থেকে পাম অয়েল আমদানি কমিয়ে দিতে পারেন ব্যবসায়ীরা। এতে অভ্যন্তরীণভাবে উৎপাদিত পাম অয়েলের চাহিদা বাড়বে। ফলে লাভবান হবেন দেশটির কৃষকরা।

এদিকে কার্গো সার্ভেয়র ইন্টারটেক টেস্টিং সার্ভিসেস ও ইনডিপেনডেন্ট ইন্সপেকশন এজেন্সি অ্যামস্পেক অ্যাগ্রি মালয়েশিয়ার তথ্যানুযায়ী, ১-২৫ আগস্ট পর্যন্ত মালয়েশিয়ান পাম অয়েল রফতানি আগের মাসের তুলনায় ১৪ দশমিক ১ থেকে ১৪ দশমিক ৯ শতাংশ কমেছে।

ডালিয়ান কমোডিটি এক্সচেঞ্জেও গতকাল (ডিসিই) পাম অয়েলের দাম আগের দিনের তুলনায় দশমিক ৭ শতাংশ কমেছে। অন্যদিকে ডিসিইতে গতকাল সয়াবিন তেলের চুক্তিমূল্য আগের দিনের তুলনায় দশমিক শূন্য ৩ শতাংশ বেড়েছে।