বিদ্যুচ্চালিত গাড়ির (ইভি) ব্যাটারি উৎপাদনে প্রায় ৪০০ কোটি ডলার বিনিয়োগ করতে যাচ্ছে ভারতীয় প্রতিষ্ঠান টাটা। যুক্তরাজ্যের সমারসেটের ব্রিজওয়াটারে তারা কারখানা স্থাপন করবে। নতুন এ পরিকল্পনার ফলে প্রায় চার হাজার কর্মসংস্থান তৈরির পাশাপাশি আরো বেশকিছু সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। বিবিসি।
বিশ্বব্যাপী টাটার ব্যাটারি ব্যবসা পরিচালনা করে আগ্রাটাস কোম্পানি। পরবর্তী কারখানাটিও তারাই নির্মাণ করবে করবে বলে টাটার পক্ষ থেকে জানানো হয়েছে। ভারতের বাইরে এটিই তাদের প্রথম কাজ, যা যুক্তরাজ্যের পিউরিটনের গ্র্যাভিটি স্মার্ট ক্যাম্পাসে হতে যাচ্ছে। কারখানা নির্মাণে গ্র্যাভিটি স্মার্ট ক্যাম্পাসের প্রায় ৫০ শতাংশ জমি নিয়ে কাজ করবে আগ্রাটাস।
টাটা কর্তৃপক্ষ জানিয়েছে, কারখানাটিতে ২০২৬ সালের মধ্যে ব্যাটারি উৎপাদন শুরু হবে। কোম্পানিটির দাবি, ২০৩০ সালের মধ্যে যুক্তরাজ্যের মোট ব্যাটারি উৎপাদনের প্রায় অর্ধেক চাহিদা পূরণ করবে এ কারখানা।
কারখানাটি প্রতি বছর সামগ্রিকভাবে ৪০ গিগাওয়াট ব্যাটারি সেল তৈরিতে সক্ষম, যা প্রায় চার লাখ যাত্রীবাহী যানবাহনে সরবরাহ করার জন্য যথেষ্ট।
আগ্রাটাসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টম ফ্ল্যাক জানিয়েছেন, গভীর যত্নের সঙ্গে প্রতিটি বিষয় নিয়ে তারা কাজ করবেন।
যুক্তরাজ্যের সমারসেট চেম্বার অব কমার্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমা রাওলিংস বলেন, ‘এখানে কারখানা স্থাপনের সিদ্ধান্ত পুরো এলাকায় কর্মসংস্থানের বিপুল সুযোগ সৃষ্টি করবে। পাশাপাশি ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটাতেও ভূমিকা রাখবে।’
প্রকল্প সূত্রে জানা গেছে, নতুন কারখানাটি হিঙ্কলে পয়েন্ট সি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে মাত্র ২৪ কিলোমিটার দূরে অবস্থিত। এটি ইউরোপের সবচেয়ে বৃহত্তম উৎপাদন কারখানা হতে চলেছে। এ কারখানা থেকে প্রাথমিকভাবে রেঞ্জ রোভার, ডিফেন্ডার ও জাগুয়ার ল্যান্ড রোভার গাড়ির জন্য ব্যাটারি তৈরি করা হবে। তবে অন্যান্য গাড়ি প্রস্তুতকারক কোম্পানিগুলোকে ব্যাটারি সরবরাহ করার পাশাপাশি বাণিজ্যিক শক্তি সঞ্চয়ের পরিকল্পনা রয়েছে টাটা কর্তৃপক্ষের।
গ্র্যাভিটির চেয়ারম্যান মার্টিন বেলামি বলেছেন, ‘এটি যুক্তরাজ্যের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটি বোঝানো অসম্ভব। কারণ এটি যুক্তরাজ্যে বিদ্যুচ্চালিত গাড়ির বিপ্লব ঘটাতে ভূমিকা রাখবে।’
সমারসেট কাউন্সিলের লিডার বিল রেভান্স জানিয়েছেন, এটি দেশের অর্থনীতি ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।










