মার্কিন ট্যাক্স ক্রেডিট বা কর অব্যাহতি সুবিধা হারিয়েছে একাধিক বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি)। সম্প্রতি নতুন ব্যাটারি সোর্সিং নিয়ম কার্যকর হওয়ার পর ইভিগুলো ৭ হাজার ৫০০ ডলার পর্যন্ত কর অব্যাহতি পাওয়ার যোগ্যতা হারিয়েছে। যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ জানিয়েছে, এ তালিকায় নিসান, টেসলা, ফোর্ড, শেভ্রোলেট ব্লেজারসহ আরো বেশকিছু ইভি নির্মাতার নাম রয়েছে। খবর বয়টার্স।

গত ডিসেম্বরে একটি নির্দেশিকা জারি করে নতুন ব্যাটারি নিয়ে শর্তগুলো জানিয়ে দেয় যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ। যার লক্ষ্য মার্কিন ইভির সরবরাহ চেইনকে চীন থেকে বের করে আনা।

চলতি সপ্তাহে জারি করা নীতি কার্যকর হয়েছে। এর মধ্য দিয়ে কর অব্যাহতির পাওয়ার যোগ্যতা অর্জনকারী ইভি মডেলের সংখ্যা ৪৩ থেকে ১৯টিতে নেমে এসেছে। এ পরিসংখ্যানে একই ধরনের গাড়ির একাধিক ভার্সন অন্তর্ভুক্ত। ট্রেজারি বিভাগ জানিয়েছে, কিছু নির্মাতা এখনো উপযুক্ত গাড়ির তথ্য জমা দিতে পারেনি। সেগুলো জমা পড়লে তালিকায় কিছুটা পরিবর্তন আসতে পারে।

এ বিষয়ে জানতে টেসলার সঙ্গে যোগাযোগ করে তাৎক্ষণিক সাড়া পায়নি রয়টার্স। তবে কোম্পানিটির ওয়েবসাইটে বলা হয়েছে, ‘‌সাইবার ট্রাক সম্ভবত ২০২৪ সালের পরে কেন্দ্রীয়ভাবে কর অব্যাহতি পাওয়ার যোগ্যতা অর্জন করবে।’

নতুন নিয়ম অনুসারে, বিক্রয় পয়েন্টে অংশগ্রহণকারী ডিলারশিপে ৭ হাজার ৫০০ ডলার পর্যন্ত কর অব্যাহতি দাবি করতে পারবেন ক্রেতারা, যা গাড়ির মূল্য ও ক্রেতার আয়ের সীমার ওপর ভিত্তি করে নির্ধারণ করা হয়।

কর অব্যাহতি সুবিধা থেকে বাদ পড়া গাড়ির তালিকায় রয়েছে ভক্সওয়াগন আইডি৪, টেসলা মডেল ৩ রেয়ার হুইল ড্রাইভ, বিএমডব্লিউ এক্স৫ এক্সড্রাইভ৫০ই (বিএমডব্লিউজি.ডিই), অডি কিউ৫ পিএইচইভি ৫৫, ক্যাডিলাক লিরিক ও ফোর্ড ই ট্রানজিট।

ভক্সওয়াগন কর্তৃপক্ষ জানিয়েছে, ফেডারেলে কর অব্যাহতি পাওয়ার যোগ্যতা অর্জনের প্রক্রিয়া চলমান। ‌এমওয়াই২০২৩ আইডি৪এস এবং এমওয়াই২০২৩ আইডি৪এসের সব গাড়ি নতুন নীতির অধীনে কর অব্যাহতি সুবিধার জন্য যোগ্য বিবেচিত হবে বলে আশা তাদের।

নিসান কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন শর্ত পূরণ এবং নিসান লিফের জন্য তারা পুনরায় কর অব্যাহতির চেষ্টা চালাচ্ছেন।

মার্কিন ট্রেজারি বিভাগ জানিয়েছে, গাড়ি কোম্পানিগুলো তাদের সরবরাহ চেইন সামঞ্জস্য করছে। যাতে ক্রেতারা নতুন গাড়ি সহজে ক্রয় করতে পারে। পাশাপাশি মিত্রদের সঙ্গে অংশীদারত্বের পাশাপাশি চাকরি ও বিনিয়োগ বাড়ানোর চেষ্টা চলছে।

প্রসঙ্গত, ২০২২ সালে মূল্যস্ফীতি হ্রাস আইন সংস্কারের মাধ্যমে ইভি কর অব্যাহতি নীতিতে পরিবর্তন আনে যুক্তরাষ্ট্র। নীতি অনুসারে, কোনো গাড়ি কর অব্যাহতি পেতে চাইলে অবশ্যই উত্তর আমেরিকায় অ্যাসেম্বল করা হতে হবে। ওই নীতি প্রণয়নের পর বিশ্বের বিভিন্ন নামি কোম্পানিসহ প্রায় ৭০ শতাংশ গাড়ি এ সুবিধা প্রাপ্তির যোগ্যতা হারায়।