স্থানীয় সরবরাহ বাড়াতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রফতানি কমানোর পরিকল্পনা করছে অস্ট্রেলিয়া। এর মধ্যেই গত মাসে দেশটি জ্বালানি পণ্যটি রফতানি করে রেকর্ড আয় করেছে। জ্বালানি পণ্যের বাজার পরামর্শক প্রতিষ্ঠান এনার্জিকোয়েস্টের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, গত মাসে অস্ট্রেলিয়া এলএনজি রফতানি থেকে আয় করেছে ৫০০ কোটি ডলার। গত বছরের একই সময়ের তুলনায় আয় বেড়েছে ৫৮ শতাংশ। গত জুলাইয়ে আয়ের পরিমাণ ছিল ৪৭৫ কোটি ৫৭ লাখ ৮১ হাজার ৩০০ ডলার। সে হিসাবেও আয় বেড়েছে।

এনার্জিকোয়েস্টের দেয়া তথ্যানুযায়ী, গত মাসে অস্ট্রেলিয়া ৬৬ লাখ ৬০ হাজার টন এলএনজি রফতানি করেছে। এক মাসের ব্যবধানে রফতানি ৭ দশমিক ৪ শতাংশ বেড়েছ।

অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূল থেকে রফতানি বেড়ে দাঁড়িয়েছে ৪৭ লাখ টনে। জুলাইয়ে রফতানির পরিমাণ ছিল ৪৫ লাখ টন। তবে গত বছরের একই সময় ওই উপকূলের রফতানির পরিমাণ ছিল ৫৩ লাখ টন। অন্যদিকে পূর্ব উপকূলের রফতানি বেড়ে ১৯ লাখ টনে উন্নীত হয়েছে। জুলাইয়ে রফতানির পরিমাণ ছিল ১৭ লাখ টন। গত বছরের আগস্টেও অস্ট্রেলিয়া ১৯ লাখ টন এলএনজি রফতানি করেছিল।