চীনে মে মাসে সয়াবিন আমদানি গত বছরের একই সময়ের তুলনায় কমেছে। শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে চীনের শুল্ক বিভাগ। খবর বিজনেস রেকর্ডার।
চীন গত বছরের মে মাসে ১ কোটি ১৫ লাখ ৬০ হাজার টন সয়াবিন আমদানি করেছিল। চলতি বছরের মে মাসে তা ১১ দশমিক ৬ শতাংশ কমে ১ কোটি ২ লাখ ২০ হাজার টনে নেমেছে। এর আগে এক পূর্বাভাসে চীন চলতি বছরের মে মাসে ১ কোটি ১০ লাখ থেকে ১ কোটি ২০ লাখ সয়াবিন আমদানি করতে পারে বলে জানানো হয়েছিল। চলতি বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত চীন মোট ৩ কোটি ৭৩ লাখ ৭০ হাজার টন সয়াবিন আমদানি করেছে, যা গত বছরের তুলনায় ৫ দশমিক ৪ শতাংশ কম।
কৃষি বিশ্লেষক প্রতিষ্ঠান জেসিআইয়ের পরামর্শদাতা রোজা ওয়াং বলেন, ‘চলতি বছরের মে মাসে চীন ১ কোটি ২০ লাখ টন সয়াবিন আমদানি করতে পারে বলে আমরা অনুমান করেছিলাম। কিন্তু সে তুলনায় আমদানি অনেক কমেছে।’
চীন বিশ্বের শীর্ষ সয়াবিন আমদানিকারক দেশ। দেশটির বাজারে কৃষিপণ্যটি আমদানির পরিমাণ আন্তর্জাতিক বাজারে মূল্য নির্ধারণে প্রভাবক হিসেবে কাজ করে। চীন সয়াবিন আমদানি বাড়ালে কিংবা কমালে বাজারে এর দাম ওঠানামা করে। দেশটিতে আমদানি করা সয়াবিনের ৮০ শতাংশই পশুখাদ্য হিসেবে ব্যবহার হয়।










