হারিকেন আইডার পুরোপুরি প্রভাব কাটিয়ে উঠতে পারেনি যুক্তরাষ্ট্রের অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন খাত। এখনো দেশটির মেক্সিকো উপসাগরীয় অঞ্চলের ১৬ শতাংশ উত্তোলন বন্ধ রয়েছে। ব্যুরো অব সেফটি অ্যান্ড এনভায়রনমেন্টাল এনফোর্সমেন্ট (বিএসইই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বিএসইইর চূড়ান্ত প্রতিবেদন বলছে, মেক্সিকো উপসাগরীয় অঞ্চলের ৩১টি অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন কেন্দ্র এখনো জনমানবশূন্য হয়ে পড়ে আছে। ১৬ দশমিক ১৮ শতাংশ বা দৈনিক তিন লাখ ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল উৎপাদন পুরোপুরিভাবে বন্ধ রয়েছে। অফলাইনে রয়েছে ২৪ দশমিক ২৭ শতাংশ বা দৈনিক ৫৪ কোটি ১২ লাখ ২০ হাজার ঘনফুট প্রাকৃতিক গ্যাস উত্তোলন। আইডার প্রভাব আরো দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা করা হয়েছে ওই প্রতিবেদনে।
হারিকেন আইডার প্রভাবে চলতি বছর ইতিহাসের সর্বোচ্চ ক্ষতির শিকার হয়েছে যুক্তরাষ্ট্রের মেক্সিকো উপসাগরীয় অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন। হারিকেনের ধাক্কায় এ অঞ্চলের প্রায় সব কেন্দ্রেই উত্তোলন বন্ধ হয়ে পড়ে। ১৪ সেপ্টেম্বর পর্যন্ত তিন কোটি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন বন্ধ ছিল।
শীর্ষ জ্বালানি তেল ও গ্যাস উত্তোলন কোম্পানি রয়েল ডাচ শেলের একটি কেন্দ্র ভয়াবহভাবে ক্ষতির শিকার হয়েছে। কোম্পানিটি বলছে, এ বছরের শেষ সময় পর্যন্ত কেন্দ্রটি বন্ধ থাকবে। এ ক্ষতি কাটিয়ে উঠতে কেন্দ্রটির অন্তত দুই বছর সময় লাগতে পারে। এছাড়া পরিশোধন কেন্দ্রগুলোও সহসাই ক্ষতি কাটিয়ে উঠতে পারছে না।










