চলতি দশকে প্রাকৃতিক রাবারের বৈশ্বিক চাহিদা বাড়ার পূর্বাভাস দিয়েছে ইন্টারন্যাশনাল রাবার স্টাডি গ্রুপ (আইআরএসজি)। গ্রুপটির প্রত্যাশা অনুযায়ী, ২০৩১ সালের মধ্যে পণ্যটির বার্ষিক চাহিদা প্রবৃদ্ধির হার গড়ে ২ দশমিক ৪ শতাংশে উন্নীত হবে।
আইআরএসজি কর্তৃক প্রকাশিত দ্বিবার্ষিক ওয়ার্ল্ড রাবার ইন্ডাস্ট্রি আউটলুকে বলা হয়েছে, ২০২১ সালে এক বছরের ব্যবধানে রাবারের বৈশ্বিক ব্যবহার ১১ শতাংশ বেড়েছে। ব্যবহারের পরিমাণ দাঁড়িয়েছে ২ কোটি ৯৮ লাখ ৮০ হাজার টনে। ২০২০ সালে মহামারীর প্রভাবে পণ্যটির ব্যবহার কমে গিয়েছিল।
প্রতিষ্ঠানটি বলছে, গত বছর করোনা মহামারী থেকে ঘুরে দাঁড়ায় বৈশ্বিক অর্থনীতি। এ সময় চীন ও ভারতের মতো উদীয়মান বাজারগুলোর কারণে চাহিদা মহামারীপূর্ব পর্যায় ছাড়িয়ে যায়।
তবে চলতি বছর প্রাকৃতিক রাবার ও সিনথেটিক রাবারসহ সব ধরনের রাবারের চাহিদা মাত্র ১ দশমিক ৮ শতাংশ বাড়ার সম্ভাবনা রয়েছে। চাহিদা প্রবৃদ্ধিতে শ্লথগতির মূল কারণ অর্থনৈতিক মন্দা।










