কয়লা খাতে গত বছর বৈশ্বিক বিনিয়োগের পরিমাণ ছিল ১৩ হাজার ৫০০ কোটি ডলার। এ বছর তা ১০ শতাংশ বাড়ার সম্ভাবনা রয়েছে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

ওয়ার্ল্ড এনার্জি ইনভেস্টমেন্ট শীর্ষক প্রতিবেদনটিতে বলা হয়, কয়লা খাতে বৈশ্বিক বিনিয়োগের ৯০ শতাংশই হবে এশিয়া প্যাসিফিকের দেশগুলোয়। বিশেষ করে চীন ও ভারতে সবচেয়ে বেশি বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। দেশ দুটি উত্তোলন বৃদ্ধি ও নতুন খনি তৈরিতে মনোযোগ বাড়াচ্ছে।

বিশ্বজুড়ে ২০২২ সালে প্রায় ৪০ গিগাওয়াটের নতুন কয়লা উত্তোলন কেন্দ্রের অনুমোদন দেয়া হয়। ২০১৬ সালের পর এটিই সর্বোচ্চ অনুমোদন। এর মধ্যে প্রায় সবই অনুমোদন দিয়েছে চীন সরকার। দেশটি গত বছর বড় আকারের বিদ্যুৎ সংকটে পড়ে। এ বছর যাতে একই পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে সে লক্ষ্যে কাজ করছে বেইজিং।

প্রতিবেদনটিতে আরো বলা হয়, ২০২২ সালে জ্বালানি সংকটের প্রভাবে কয়লার চাহিদায় উল্লম্ফন দেখা দেয়। জ্বালানির দাম এক লাফে বেড়ে আকাশচুম্বী হয়ে ওঠে। বিষয়টি চলতি বছর বিনিয়োগ বৃদ্ধিতে সবচেয়ে বড় ভূমিকা পালন করছে। গত বছর কয়লা খাতে বৈশ্বিক বিনিয়োগ আগের বছরের তুলনায় ২০ শতাংশ বেড়ে ১৩ হাজার ৫০০ কোটি ডলারে উন্নীত হয়। এ বছর তা আরো ১০ শতাংশ বেড়ে ১৫ হাজার কোটি ডলারে পৌঁছতে পারে।