সরবরাহ সংকটের আশঙ্কায় বিশ্ববাজারে বেড়েছে গমের দাম। গতকাল সর্বশেষ কার্যদিবসে কৃষিপণ্যটির দাম দশমিক ৫ শতাংশের বেশি বৃদ্ধি পায়। এর মধ্য দিয়ে গমের দাম নয় বছরের সর্বোচ্চে পৌঁছেছে। খবর নাসডাক।
শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) সর্বাধিক লেনদেন হওয়া গমের ভবিষ্যৎ সরবরাহ চুক্তিমূল্য বেড়েছে দশমিক ৭ শতাংশ। প্রতি বুশেল লেনদেন হয়েছে ৭ ডলার ৮৬ সেন্টে। গত সপ্তাহে সিবিওটিতে গমের দাম বুশেলপ্রতি ৮ ডলার ৭ সেন্টে উঠেছিল, যা ২০১২ সালের পর সর্বোচ্চ। সর্বশেষ কার্যদিবসে মূল্যবৃদ্ধির মধ্য দিয়ে নতুন রেকর্ড তৈরি হয়েছে। এদিকে সিবিওটিতে সর্বাধিক লেনদেন হওয়া সয়াবিনের ভবিষ্যৎ সরবরাহ মূল্য বেড়েছে দশমিক ১ শতাংশ। প্রতি বুশেল লেনদেন হয়েছে ১২ ডলার ৪৫ সেন্টে। সর্বাধিক লেনদেন হওয়া ভুট্টার দাম দশমিক ৪ শতাংশ বেড়ে বুশেলপ্রতি ৫ ডলার ৬৬ সেন্টে উন্নীত হয়েছে।
বাজার বিশ্লেষকরা বলছেন, বিশ্বজুড়ে বসন্তকালীন গম উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ কারণে কৃষিপণ্যটির দাম রেকর্ড পরিমাণ বেড়েছে। এছাড়া সৌদি আরব ও মিসরসহ ক্রেতা দেশগুলোয় হঠাৎ রফতানি প্রবাহ বেড়ে যাওয়ায় বাজারে প্রভাব পড়েছে।










